২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বোতে সাঙ্গাকারার শেষ

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ক্রিকেটকে বিদায় বলার ঘোষণা আগেই দিয়েছেন কুমার সাঙ্গাকারা। এবার ঠিক হয়ে গেল তার বিদায়ের দিনক্ষণও। কলম্বোর পি সারা ওভালে শেষবারের মতো মাঠে নামবেন শ্রীলঙ্কার এই তারকা ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 08:01 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের মাটিতে হওয়া গত বিশ্বকাপের পর ওয়ানডেকে বিদায় বলেন সাঙ্গাকারা। আর গত মাসের শেষ দিকে তিনি জানান, ভারতের বিপক্ষে আগামী টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ হতে যাচ্ছে তার ১৫ বছরের ক্যারিয়ারের শেষ ম্যাচ।
 
আগামী অগাস্টের শুরুতে টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। বৃহস্পতিবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানায়, ভারতের সঙ্গে তাদের তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচটি হবে আগামী ১২ অগাস্ট, গলে। আর ২০ অগাস্টে কলম্বোয় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও সাঙ্গাকারার বিদায়ী টেস্ট।
 
২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাঙ্গাকারা টেস্টে ৫৪-এর বেশি গড়ে ১২ হাজারের বেশি রান করেছেন; টেস্টে ৩৮টি শতক আছে তার।
 
টেস্টের ইতিহাসে সবচেয়ে বেশি ১২টি দ্বিশতক করা ডন ব্র্যাডমানের পরেই আছেন ৩৭ বছর বয়সী সাঙ্গাকারা (১১টি)।
 
৪০৪টি ম্যাচে ১৪ হাজার ২৩৪ রান নিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেন সাঙ্গাকারা। ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যানের ওয়ানডেতে ২৫টি শতক আছে।