স্পিনারদের ওপর আমলার আস্থা
দক্ষিণ আফ্রিকা কেবল পেসারদের দল নয়; প্রোটিয়াদের দারুণ কিছু স্পিনারও আছে, যারা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে হয়ে উঠতে পারেন অতিথিদের সেরা অস্ত্র। ইমরান তাহির, অ্যারন ফাঙ্গিসোর ওপর সেই আস্থা থাকার কথাই জানিয়েছেন হাশিম আমলা।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। তার আগের দিন সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার স্পিনারদের উঠে আসার কথা জানান অতিথি দলের অধিনায়ক।
“আমি মনে করি, অনেক দিন ধরেই উপমহাদেশে ওয়ানডে বা সীমিত ওভারের ক্রিকেটে আমাদের স্পিনাররা খুব ভালো করছে। আমি বিশেষ করে ইমরান তাহির ও অ্যারন ফাঙ্গিসোকে ধন্যবাদ জানাতে চাই; ওরা আমাদের জন্য ব্যতিক্রমী।”
লেগ স্পিনার তাহির, বাঁহাতি স্পিনার ফাঙ্গিসোর মতো কার্যকর হতে পারেন অলরাউন্ডার জেপি দুমিনি ও ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা লেগ স্পিনার এডি লি।
ওয়ানডে সিরিজে দুমিনির অফস্পিন দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে বাড়তি শক্তি যোগ করবে বলে মনে করেন আমলা।
“জেপি এমন এক জন বোলার যার শক্তি ক্রমশ বাড়ছে।”
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্পিনারদের। ওয়ানডেতেও তাদের কাছ থেকে একই রকম পারফরম্যান্সের আশা অধিনায়কের।
“আমাদের স্পিন এখন খুব ভালো। ওরা প্রতিনিয়ত উন্নতি করছে এবং দিন দিন আরও ভালো করছে।”
