২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুটের শতকে ইংল্যান্ডের দিন

জো রুটের দারুণ শতকে চলতি অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৪৩ রান তুলে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 12:13 AM

Updated : 22 Aug 2022, 12:45 PM

ইংল্যান্ডকে শক্ত ভিতে তুলে দেওয়ায় বড় অবদান রাখেন রুট; ১১৮ বলে ক্যারিয়ারের সপ্তম টেস্ট শতক তুলে নেওয়া এই ডানহাতি ব্যাটসম্যান ১৩৪ রান তুলে থামেন।  মিচেল স্ট্যার্কের বলে শেন ওয়াটসনকে ক্যাচ দেওয়া রুটের ইনিংসটি ১৭টি চারে সাজানো।

মইন আলি (২৬*), স্টুয়ার্ট ব্রড (০*)-এই দুইজনের হাত ধরে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে ইংল্যান্ড।

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বুধবার প্রথম দিনের প্রথম সেশনেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। দলীয় ৭ রানে অ্যাডাম লিথের উইকেট হারানোর পর অধিনায়ক অ্যালিস্টার কুক ও ইয়ান বেলকে হারায় তারা।

হেইজেলউডের বলে ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দেওয়ার আগে ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান লিথ ৬ রান করেন। নাথান লায়নের বলে উইকেটের পেছনে ব্র্যাড হ্যাডিনকে কুক (২০) ক্যাচ দেওয়ার পরের ওভারে বেলকে (১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন স্ট্যার্ক।

তিন উইকেট হারানো ইংল্যান্ড ঘুরে দাঁড়ায় গ্যারি ব্যালান্স ও রুটের জোটবদ্ধ প্রতিরোধে। চতুর্থ উইকেটে দুজনে ১৫৩ রান যোগ করেন।

হেইজেলউডের বলে ব্যালান্স ৬১ রান করে এলবিডব্লিউ হলে ভাঙে ইংল্যান্ডের চতুর্থ উইকেট জুটির প্রতিরোধ। ১৪৯ বলের ধৈর্যশীল ইনিংসটি আটটি চারে সাজান তিনি।

দিনের তৃতীয় সেশনে তিন উইকেট হারায় ইংল্যান্ড। রুটের বিদায়ের পর বেন স্টোকস ও জস বাটলার আউট না হলে স্বাগতিকদের প্রথম দিনটি আরও ভালো কাটতে পারত।

অস্ট্রেলিয়ার স্ট্যার্ক ও হেইজেলউড তিনটি করে উইকেট নেন। অন্য উইকেটটি পান লায়ন।