২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্ন ছাড়িয়ে তেতুলিয়ার মুস্তাফিজ

স্বচ্ছল কৃষক পরিবারের সবার ছোট সদস্য মুস্তাফিজুর রহমান বড় হয়েছেন আদরে আহ্লাদে।

সুলাইমান নিলয়

ও কামরুল হাসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 10:31 PM

Updated : 12 Oct 2022, 03:53 PM

পুরনো খবর:

ইতিহাস গড়লেন মুস্তাফিজ

ছোট বেলা থেকেই স্কুল পালিয়ে ক্রিকেটের পেছনে ছুটতে থাকা এই সদ্য কৈশোর পেরুনো মুস্তাফিজের ক্রিকেটার হওয়ার স্বপ্নে এক সময় পরিবারের সদস্যদের পাশাপাশি অন্য স্বজনরাও শামিল হন।

জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলার পর সেই স্বজনরাই বলছেন, মুস্তাফিজ তাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছেন।

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের কৃষক আবুল কাশেম গাজী ও মাহমুদা খাতুনের ছয় সন্তানের সবার ছোট মুস্তাফিজ।

সন্তানদের মধ্যে সবার বড় সাবেরা পারভীন। এরপর দুই ছেলে মাহফুজার রহমান মিঠু, মো. জাকির হোসেন ও মোখলেসুর রহমান। এরপর অপর কন্যা সালেহা মাহমুদার পর সবার ছোট মুস্তাফিজ।

কাশেম গাজী ২০০০ সাল পর্যন্ত কৃষি কাজ করতেন। ওই সময় চিংড়ি চাষ শুরু করেন তিনি। ২০০৪ সালে হজ করে আসার পর ব্যবসা-বাণিজ্য ও ঘেরের দায়িত্ব ছেলেদের উপর দিয়ে তিনি অবসরে যান।

মুস্তাফিজের খেলার জগতের সার্বক্ষণিক সঙ্গী তার সেজো ভাই মোখলেসুর রহমান।

মোখলেস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছোট বেলা থেকে ও আমার সঙ্গেই থাকত। সবার ছোট বলে নানা আব্দার করত। ভাত খেতে চাইত না। তখন আমি খাইয়ে দিতাম।”

মুস্তাফিজ তার চেয়ে ১০ বছরের ছোট জানিয়ে তিনি বলেন, “আমি আগে থেকেই ক্রিকেট খেলতাম। আমাদের দেখাদেখি ও ছোট বেলা থেকেই ক্রিকেট খেলা শুরু করে। বাড়িতে বড় একটা উঠান আছে। সেখানে আমরা প্র্যাকটিস করতাম, ওকেও প্র্যাকটিস করাতাম।”

সাতক্ষীরা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে প্রত্যন্তে এই গ্রামে ক্রিকেট খেলতেন মোখলেসুর রহমান। তিনি বলেন, “আমাদের দলে বাঁহাতি বোলারের প্রয়োজন সব সময় মনে হত। একেবারে ছোট বেলায়ই ও বাঁহাতি বুঝতে পারি। তখনই আমার মনে হয়, ওকে ক্রিকেটার বানাব।”

তিনি বলেন, “আমার বাঁ হাতের বোলিং খুব ভালো লাগত। সেই সময় ওয়াসিম আকরামের ভালো বোলিং ছিল, চামিন্দা ভাসও ছিল।

“গ্রামে প্রতিযোগিতামূলক খেলায় মাঝে মাঝে বাইরে থেকে ‘হায়ারে’ খেলোয়াড় আনতাম। গ্রামে বাইরের একজন খেলোয়াড় আনতে আমাদের ১ হাজার টাকা লাগত।

“তখন চিন্তা করতাম, বাইরের মানুষরে টাকা দিয়ে কী লাভ? আমরাই খেলোয়াড় তৈরি করতাম। ওকে ভালো ক্রিকেটার বানাতে পারলে আমাদের সেই টাকা বেঁচে যাবে-এটাই ছিল তাৎক্ষণিক চিন্তায়।

“সেই সময় ওয়াসিম আকরাম ও চামিন্দা ভাসের খেলা দেখতাম। তাদের মতো ওর বামহাতি হওয়ার মিলটি মাঝে মাঝেই মনে হত। হঠাৎ হঠাৎ মনে হত ওতো তাদের মতোও হতে পারে!

“ও ভালো খেলা শুরু করার পর ওকে বিভিন্ন জায়গায় খেলতে নিয়ে যেতাম। অধিকাংশ দিন স্কুল থেকে গোপনে নিয়ে যেতাম। প্রথম প্রথম ওর স্কুল পালানোর কথা মেজ ভাই ছাড়া পরিবারের আর কেউ জানত না।

“পরে যে সময় বাবা বা বড় ভাই জানতে পারে, তখন সে ভালো খেলতে শুরু করছে।”

Image
মুস্তাফিজের সেজ ভাই মোখলেসুর রহমান

মুস্তাফিজের সেজ ভাই মোখলেসুর রহমান

স্কুল পালিয়ে ক্রিকেট নিয়ে এই লুকোচুরির সময়ে মেজ ভাই খরচের টাকা জোগাতেন জানিয়ে তিনি বলেন, “মেজ ভাইয়ের কারণেই টাকা পয়সার সমস্যা হয়নি।”

তিনি বলেন, “ক্রিকেটে ভালোর করার পাশাপাশি পড়াশোনায় মন উঠে যেতে থাকে মুস্তাফিজের।

“ও অবশ্য প্রথম থেকেই পড়াশোনা করতে চাইত না। তবে ক্লাস টেনে উঠছিল। ২০১৩ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। এরপর আর (পড়াশোনা) হয়নি।

“সাতক্ষীরা থেকে মিলন নামে একজন খেলোয়াড় আমাদের এখানে আসত। খেলতে খেলতে তার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। সে আমাকে আলতাফ ভাইয়ের (সাতক্ষীরা গণমুখী সংঘের কোচ) কাছে নিয়ে যেতে বলে। ২০১০ সালে তাকে সেখানে নিয়ে যাই।”

“প্রথম দেখার পরই আলতাফ ভাই বলেন, এর পিছনে সময় দাও। এ একটা ভালো প্লেয়ার হবে।

“পরে বয়সভিত্তিক খেলতে শুরু করলে তপু ভাই (মুস্তাফিজের আরেক কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু) ওকে কোচিং করায়। এক পর্যায়ে সালাউদ্দিন স্যারের কাছেও কোচিং নেয়।”

এক সময়ের কোচ সালাউদ্দিনের একটি কথা আজও স্মরণ হচ্ছে জানিয়ে মোখলেস বলেন, “সাতক্ষীরার ছেলেরা ১৮ বছর পর্যন্ত ভালো খেলে, তারপর হারায়া যায়। কারণ হলো এই সময় তারা মেয়েদের পিছনে ঘোরে। আমি ওকে বলেছি, তুই কারো পেছনে ঘুরবি না। সারা দেশ তোর পিছনে ঘুরবে।

“সবার উৎসাহে ওর ক্রিকেটের প্রতি আরও যত্ন নিতে থাকি। কোচদের সকল বক্তব্য আমি লিখে রাখতে থাকি। বাসায় ওগুলো দেখে দেখে ওকে প্র্যাকটিস করাতাম। এক পর্যায়ে ও বিরক্তও হত। বলতো, ‘তুই সারাদিন প্রাকটিস করতে বলিস কেন?’

“মামারা চাইতেন, ও পড়াশোনা করুক। তবে ও ভালো করতে শুরু করার পর তারা নানা রকমের সহযোগিতা করেছেন। দুই মামা আমেরিকা ও লন্ডন থাকে। দুইজনই ওর জন্য কেডস পাঠিয়েছেন। সাংবাদিক শরিফ মামা (ডেইলি স্টারের উপ প্রধান প্রতিবেদক শরিফুল ইসলাম) ওর পছন্দের ব্যাট কিনে দিয়েছেন। এগুলোতে ও খুব উৎসাহিত হয়েছে।

“অনেক লম্বা হওয়ার কারণে ওর কেডস যেখানে সেখানে পাওয়াও যেত না,” বলেন মোখলেস।

ভাইয়ের এই অর্জনে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, “ও এভাবে চমকে দিবে ভাবিনি। তবে এখন বিশ্বাস হচ্ছে, ও আরও ভালো করবে।”

Image
মুস্তাফিজের বাবা আবুল কাশেম

মুস্তাফিজের বাবা আবুল কাশেম

মুস্তাফিজের মামা শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ও ছোট বেলা থেকে ক্রিকেট খেলত। গ্রামে ক্রিকেট খেলতে খেলতে আস্তে আস্তে উন্নতি করে।

“এরপর জেলা-বিভাগীয় পর্যায়ে খেলে এক পর্যায়ে বয়সভিত্তিক ক্রিকেটের জাতীয় দলেও খেলে। এ সময় মাঝে মাঝে খেলার মাঠে বা প্র্যাকটিসে আমি ওকে দেখতে যেতাম। কখনও ওকে জানিয়ে কখনও লুকিয়ে। কখনও আমার পরিবার নিয়ে, কখনও একা।

“একপর্যায়ে আমার মধ্যে একটা বিশ্বাস জন্মায়, সুযোগ পেলে ও একদিন বড় ক্রিকেটার হবে।

“জাতীয় দলে সুযোগ পেয়ে ও আমাদের সেই প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ও ভালো করবে জানতাম। কিন্তু এতটা ভালো করবে, সেটা কখনও ভাবিনি। ওর সাফল্যের এই আনন্দে আমরা ওর স্বজনরা ভাষায় প্রকাশ করতে পারব না।”

মুস্তাফিজুর রহমানের ক্রিকেট কোচ আলতাফ হোসেন বলেন, “সৌম্য এবং মুস্তাফিজ দুজনই আমার ছাত্র। দুজনই যে এক সাথে জাতীয় দলে খেলছে একজন বোলার আরেকজন ব্যাটসম্যান এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না।”

Image
সাতক্ষীরার কালিগঞ্জের তেতুলিয়া গ্রামে মুস্তাফিজদের বাড়ি

সাতক্ষীরার কালিগঞ্জের তেতুলিয়া গ্রামে মুস্তাফিজদের বাড়ি

মুস্তাফিজের আরেক কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু বলেন, “তার সেজ ভাই তাকে যখন প্রথম অনূর্ধ্ব ক্যাম্পে নিয়ে আসে, বোলিং দেখে তখনই বুঝেছিলাম ও ভালো করবে।

“সে তো প্রথমে ব্যাটসম্যান হতে চেয়েছিল, আমি তাকে পরামর্শ দিয়েছিলাম বোলার হওয়ার জন্য। আমার ছাত্র জাতীয় দলে খেলছে এতে আমি গর্বিত। তাকে দলে টিকে থাকতে হলে আরও পরিশ্রম করতে হবে।”

মুস্তাফিজের বাবা আবুল কাশেম আবেগ জড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে যে জাতীয় টিমে খেলছে এটি গর্বের বিষয়।”

তিনি আরও বলেন, “মুস্তাফিজ আজকে আমার একার ছেলে নয়, গোটা জাতির হয়ে ২২ গজের পিচে লড়ছে।”

ছেলের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন প্রথম দুই ওয়ানডে খেলে ক্রিকেট বিশ্বে তাক লাগানো মুস্তাফিজের বাবা।