২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াসিরের ঘূর্ণিতে পাকিস্তানের দারুণ জয়

ইয়াসির শাহের দূর্দান্ত বোলিংয়ে গল টেস্টে অসাধারণ এক জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 05:30 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

মাত্র অষ্টম টেস্টে খেলতে নামা ইয়াসিরের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ২০৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। পরে ৯০ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে ১০ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩০০ রানের জবাবে পাকিস্তান তোলে ৪১৭ রান।

এই জয়ে ভারতকে ছাড়িয়ে উপমহাদেশের সবচেয়ে সফল টেস্ট দলে পরিণত হলো পাকিস্তান। ৩৯০তম টেস্টে তাদের এটা ১২৩তম জয়। ভারত ৪৮৮ টেস্ট খেলে জিতেছে ১২২টিতে।

দলকে চমৎকার এই জয় এনে দিতে দ্বিতীয় ইনিংসে ৭৬ রান খরচায় একাই ৭ উইকেট নেন ইয়াসির। প্রথম ইনিংসে ২ উইকেট পেয়েছিলেন তিনি। সব মিলিয়ে এই ম্যাচে ৯ উইকেট নিতে ১৫৫ রান খরচ করেন ২৯ বছর বয়সী এই বোলার।

টেস্টে এর আগে তার ইনিংস সেরা বোলিং ছিল ৫/৭৯। আর ম্যাচ সেরা বোলিং ছিল ১১৬ রানে ৭ উইকেট।

প্রথম ইনিংসে ফলোঅনের শঙ্কায় পড়া পাকিস্তানের নাটকীয় এই জয়ে প্রথম অবদান আগের দিন শতকের ইনিংস খেলা আসাদ শফিকের। তার ১৩১ রানের সাহায্যেই মূলত ফলোঅন শঙ্কা কাটিয়ে লিড নিয়েছিল তারা। আর এরপর তো ইয়াসিরের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বড় কোনো জুটিই গড়তে পারল না স্বাগতিকরা।

চতুর্থ দিনের শেষ বেলায় সাঙ্গাকারাকে ফিরিয়ে স্পিনার ইয়াসিরের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পথে চলা শুর। রোববার শেষ দিনের প্রথম বলেই দিলরুয়ান পেরেরাকে বোল্ড করেন তিনি।

উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুনারত্নের সঙ্গে চতুর্থ উইকেটে ৬৯ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন লাহিরু থিরিমান্নে। কিন্তু থিরিমান্নেকে (৪৪) ফিরিয়ে শ্রীলঙ্কার সে প্রচেষ্টাও ব্যর্থ করে দেন ওয়াহাব রিয়াজ। একটু পর স্বাগতিক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফেরান ইয়াসির।

এর খানিক পর করুনারত্নেকে ৭৯ রানে ফিরিয়ে শ্রীলঙ্কার শেষ বাধাও উপড়ে দেন ইয়াসির। এরপর আর ৩৯ রান তুলতে বাকি ৪টি উইকেট হারায় দলটি। এর মধ্যে তিনটি উইকেট তুলে নেন ইয়াসির।

অল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের দৃঢ়তায় সহজেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। মোহাম্মদ হাফিজ ৪৬ ও আহমেদ শেহজাদ ৪৩ রানে অপরাজিত থাকেন।

আগামী বৃহস্পতিবার কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।