সিরিজ জয়ের হাতছানি মাশরাফিদের
আগ্রাসী বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের সুযোগ। ভারতের বিপক্ষে আরেকটি জয় সিরিজের সঙ্গে মাশরাফি বিন মুর্তজাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও নিশ্চিত করবে। অপেক্ষায় না থেকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই দুই লক্ষ্য পূরণ করতে চায় স্বাগতিকরা।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বেলা তিনটায়।
প্রথম ওয়ানডেতে ৭৯ রানে জেতা বাংলাদেশের সামনে আছে দেশের মাটিতে টানা দশম জয়ের হাতছানি। এই ম্যাচে নিজেদের ফেভারিট না ভাবলেও জয়ের আত্মবিশ্বাসের কোনো কমতি নেই স্বাগতিকদের।
বৃহস্পতিবারের ম্যাচে জিতলেও দলের খেলায় খুব একটা সন্তুষ্ট নন বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে। তিনি মনে করেন, এর চেয়ে অনেক ভালো খেলার সামর্থ্য তার শিষ্যদের আছে। পাকিস্তান সিরিজে যে দাপুটে ক্রিকেট খেলেছে বাংলাদেশ, তেমন খেলাই দেখতে চান তিনি।
ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের অপেক্ষায় থাকা বাংলাদেশকে আশা দেখাচ্ছে উদ্বোধনী জুটি। তামিম ইকবাল ও সৌম্য সরকার আছেন দারুণ ছন্দে। শেষ দুই ম্যাচে শতরানের জুটি গড়েছেন এই দুই ব্যাটসম্যান। রানে থাকা তামিম-সৌম্যর কাছে উড়ন্ত সূচনাই চাইবেন মাশরাফি। প্রথম ম্যাচে রান না পেলেও তিন নম্বরে লিটন দাসের খেলা প্রায় নিশ্চিত।
মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান ও নাসির হোসেনের উপস্থিতিতে বাংলাদেশের মিডলঅর্ডার দারুণ শক্তিশালী। প্রতিরোধ গড়ার সঙ্গে রানের গতি বাড়িয়ে নেওয়ার সামর্থ্য তাদের আছে।
বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে দেওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের বোলারদের। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিই এখন পেসাররা। চেনা কন্ডিশনে সঠিক লাইন ও লেন্থে বল করে ভারতের ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলতে পারেন মাশরাফি-রুবেল হোসেন-তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানরা।
যেকোনো সময়ে জ্বলে উঠতে পারেন দলের সেরা বোলার মাশরাফি। রুবেল-তাসকিনের বাড়তি পেস বিপদে ফেলতে পারে অতিথিদের। অত গতি না থাকা মুস্তাফিজের অস্ত্র স্লোয়ার, কাটার। অভিষেকে ৫ উইকেট নেওয়া এই পেসারের বড় পরীক্ষা হবে দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচে তাকে আক্রমণ করে খেলার পরিকল্পনার কথা জানিয়েছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা।
বাঁহাতি স্পিনার সাকিবের সামর্থ্য আছে যেকোনো উইকেটে ভালো বল করার। তাকে নিয়েও আলদা পরিকল্পনা করতে হবে অতিথিদের। দলের প্রয়োজেনে কয়েক ওভার বল করতে পারেন নাসির-সাব্বিরও।
প্রথম ওয়ানডেতে চার পেসার নিয়ে খেলে সাফল্য পেয়েছে বাংলাদেশ। একই রকম উইকেটে খেলা হলে পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবে বোলিংয়ে কোনো পরিবর্তন আনা হলে বাঁহাতি স্পিনার আরাফাত সানির ফেরার সম্ভাবনা আছে।
বাংলাদেশের আগ্রাসী ক্রিকেটের সামনে প্রথম ম্যাচে দাঁড়াতেই পারেনি ভারত। দ্বিতীয় ম্যাচে একই রকম আক্রমণাত্মক ক্রিকেটই দেখতে চান বাংলাদেশের কোচ। শিষ্যদের তিনি যেকোনো পরিস্থিতিতে নিজের স্বাভাবিক খেলাটা খেলার স্বাধীনতা দিয়ে রেখেছেন।
মেলবোর্নের বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে হারের ‘বদলা’ নিয়ে উড়ছে বাংলাদেশ। অন্যদিকে বিধ্বস্ত ভারত ঘুরে দাঁড়াতে মরিয়া। প্রথমবারের মতো বাংলাদেশের কাছে সিরিজ হারের শঙ্কায় থাকা অতিথিরাও এখন খেলতে চায় আক্রমণাত্মক ক্রিকেট।
দলের ওপর কোনো চাপ নেই বলে রোহিত দাবি করলেও তার কথাতেই সীমাহীন চাপে থাকার প্রমাণ, “বাংলাদেশের হারানোর কিছু নাই তাই তারা নির্ভয় ক্রিকেট খেলতে পারে তারা। আমাদের সব হারানোর শঙ্কা আছে। আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে।”
বৃহস্পতিবারের ম্যাচে ভালো করতে পারেননি ভারতের তিন পেসার উমেশ যাদব, মোহিত শর্মা ও ভুবনেশ্বর কুমার। সঠিক লাইন ও লেন্থে বল করতে পারেননি তারা। পেস বোলিংয়ে পরিবর্তন আনতে পারে তারা।
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ হেরে গেলে ফেরা ভীষণ কঠিন হয়ে যায়। সিরিজ বাঁচিয়ে রাখতে এখন আর জয়ের কোনো বিকল্প নেই ভারতের। বাঁচা-মরার ম্যাচ নিয়ে তাই ভাবনার কমতি নেই অতিথিদের।
২০০৪ সালে আশা জাগিয়েও শেষ পর্যন্ত ভারতের সঙ্গে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। সেই অসমাপ্ত শেষ করতে এবার দুটি ম্যাচ পাচ্ছে স্বাগতিকরা। তৃতীয় ম্যাচ পর্যন্ত অপেক্ষায় না থেকে দ্বিতীয় ম্যাচেই নিজেদের ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নিতে চান মাশরাফিরা।
