২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফিদের জয়ে অবাক নন গাভাস্কার

সিরিজের প্রথম ওয়ানডেতে ধোনিদের বিপক্ষে মাশরাফিদের দাপুটে জয়ে একটুও অবাক হননি সুনিল গাভাস্কার। ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান আরও জানান, ওয়ানডেতে বাংলাদেশ এক ইঞ্চি জায়গাও ছাড়ার মতো দল নয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 09:11 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গত বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে ৭৯ রানে হারে ভারত। মাশরাফিদের কাছে উত্তরসূরিদের হার নিয়ে ভারতের এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অবাক না হওয়ার কথা জানান গাভাস্কার।

“গত কয়েক বছরে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে তাদের জয় বিস্ময়ের কিছু নয়।”

ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৩০৭ রান তোলার বাংলাদেশের জবাব দিতে নেমে চার ওভার আগেই ২২৮ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-এই তিন বিভাগে সেরাটা দিয়ে জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে যায় মাশরাফির দল।

ধোনিদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তামিম-মুস্তাফিজদের পারফরম্যান্স দেখে সিরিজের পরের ম্যাচগুলোর জন্য উত্তরসূরিদের সতর্কও করে দেন গাভাস্কার।

“টেস্টে বাংলাদেশ অতটা আত্মবিশ্বাসী নয় কিন্তু ওয়ানডেতে তারা এক ইঞ্চি জায়গাও ছেড়ে দেয় না।”

আগামী রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।