২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মিথের শতকে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

স্টিভেন স্মিথের অপরাজিত শতকে জ্যামাইকা টেস্টে বড় সংগ্রহের পথে রয়েছে অস্ট্রেলিয়া। জেরোম টেইলরের চমৎকার বোলিংয়ের পরও দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 09:52 AM

Updated : 12 Oct 2022, 03:49 PM

বৃহস্পতিবারের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ২৫৮ রান। নবম শতক পাওয়া স্মিথ ১৩৫ ও শেন ওয়াটসন ২০ রানে অপরাজিত রয়েছেন। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ৪৮ রানের জুটি গড়েছেন এই দুই জনে।

কিংসটনের স্যাবিনা পার্কে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। টেইলরের তোপে ১৬ রান তুলতেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় তারা।

ওয়েস্ট ইন্ডিজের পেসার টেইলরের প্রথম স্পেল ছিল এমন ৫-৫-০-২; অর্থাৎ কোনো রান না দিয়ে দুই উইকেট।

অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে ১১৮ রানের জুটিতে প্রতিরোধ গড়েন স্মিথ। ক্লার্ককে (৪৭) দিনেশ রামদিনের ক্যাচে পরিণত করে ৩৪ ওভার স্থায়ী জুটি ভাঙেন জ্যাসন হোল্ডার।

প্রথম টেস্টে শতক পাওয়া অ্যাডাম ভোজেসের সঙ্গে ৭৬ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন দারুণ ছন্দে থাকা স্মিথ। বিপজ্জনক হয়ে উঠা এই জুটি ভাঙার কৃতিত্ব টেইলরের। ভোজেসকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট নেন এই পেসার।

শেষ পর্যন্ত ১৩৫ রানে অপরাজিত থাকা স্মিথের ২৭৮ বলের ইনিংসটি ১৬টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।  

১৮ রানে তিন উইকেট নিয়ে টেইলরই ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।