ব্যাট-বলের লড়াইয়ে বৃষ্টির বাগড়া
ফতুল্লা টেস্টের তৃতীয় দিনে ব্যাটে-বলের লড়াইয়ে বার বার বাগড়া দিয়েছে বৃষ্টি। এরই মধ্যে আরও ২২৩ রান যোগ করেছে ভারত। সাকিব আল হাসান ও জুবায়ের হোসেনের চমৎকার বোলিংয়ে অতিথিদের ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
তৃতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৪৬২ রান। রবিচন্দ্রন অশ্বিন ২ ও হরভজন সিং ৭ রানে ব্যাট করছেন।
শুক্রবার বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে খেলা শুরু করে ভারত। শুরুতেই শতকে পৌঁছান আগের দিন ৮৯ রানে অপরাজিত থাকা মুরালি বিজয়। তার সঙ্গে শিখর ধাওয়ানের উদ্বোধনী জুটি থামে ২৮৩ রানে।
সাকিবকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান আগের দিন শতক পাওয়া ধাওয়ান। ১৫০ রান নিয়ে খেলা শুরু করা এই বাঁহাতি ব্যাটসম্যান তৃতীয় দিন তোলেন ২৩ রান। ৬৭.৫ ওভার স্থায়ী জুটি ভেঙে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টের দেশের মাটিতে একশ’ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান সাকিব।
১৯৫ বলে ধাওয়ানের ১৭৩ রানের ২৩টি চারে গড়া। প্রথম দিন ৭৩ রানে জীবন পেয়েছিলেন ভারতের এই ব্যাটসম্যান।
পরের ওভারে রোহিত শর্মাকে বোল্ড করেন সাকিব।
প্রথম দুই ওভারে চমৎকার বল করে বিরাট কোহলিকে অস্বস্তিতে রাখেন জুবায়ের। ভালো বোলিংয়ের পুরস্কার পেতে দেরি হয়নি এই লেগস্পিনারের। তার বল ঠিকমতো খেলতে না পেরে বোল্ড হয়ে যান ভারতের অধিনায়ক।
২৭ রানে তিন উইকেট নিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে বিজয় ও অজিঙ্কা রাহানের বলে প্রতিরোধ গড়ে ভারত।
চার স্পিনার নিয়ে খেললেও ৮৮ ওভার শেষেই দ্বিতীয় নতুন বল নেন অধিনায়ক মুশফিকুর রহিম। সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে ১১৪ রানের জুটি গড়েন বিজয়-রাহানে। তাদের দৃঢ়তায় চারশ’ পার হয় অতিথিদের সংগ্রহ। বিপজ্জনক হয়ে উঠা এই জুটি ভাঙার কৃতিত্ব সাকিবের।
দেড়শ’ রান করা বিজয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ২২.৪ ওভার স্থায়ী জুটি ভাঙেন সাকিব। এরপর বোল্ড করে রাহানেকে ফেরান এই বাঁহাতি স্পিনার। ২৭২ বলে ১২টি চার ও একটি ছক্কার সাহায্যে ১৫০ রান করেন বিজয়। ২ রানের জন্য শতক পাওয়া হয়নি রাহানের। ১০৩ বলে তার ৯৮ রানের ইনিংসটি সাজানো ১৪টি চারে।
সাকিবের দুই উইকেটের মাঝখানে আঘাত হানেন জুবায়ের। এই লেগস্পিনারের গুগলি বুঝতে না পেরে বোল্ড হয়ে যান উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।
১০৫ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার সাকিব। জুবায়ের ২ উইকেট নেন ১১৩ রানে।
দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ায় এই দিন নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে সাড়ে নয়টায় খেলা শুরু হয়। তারপরও তৃতীয় দিন সব মিলিয়ে ৪৬.৩ ওভার খেলা হয়।
মধ্যাহ্নভোজের বিরতির সময় প্রথম দফা বৃষ্টি নামলে এক ঘণ্টা ১০ মিনিট খেলা বন্ধ থাকে। চার ওভার এক বল পর দ্বিতীয় দফা বৃষ্টির বাধায় ১৫ মিনিটের জন্য খেলা বন্ধ হয়ে যায়। ১০ মিনিট পর আবার বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ১০৩.৩ ওভারে ৪৬২/৬ (বিজয় ১৫০, ধাওয়ান ১৭৩, রোহিত ৬, কোহলি ১৪, রাহানে ৯৮, ঋদ্ধিমান ৬, অশ্বিন ২*, হরভজন ৭*; সাকিব ৪/১০৫, জুবায়ের ২/১১৩)
