২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়া ইংল্যান্ডের কাছে নিউ জিল্যান্ডের বিশাল হার

পাঁচ ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে অসহায়ভাবে হেরেছে নিউ জিল্যান্ড। এজবাস্টনের ওয়ানডেতে নিউ জিল্যান্ডের হারটি ২১০ রানের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 02:21 AM

Updated : 12 Oct 2022, 03:49 PM

পুরনো খবর:

বাটলার-রশিদ জুটিতে বিশ্বরেকর্ড

এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে গেল ইংল্যান্ড। আগামী শুক্রবার ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

টসে হেরে মঙ্গলবার আগে ব্যাটিংয়ে নেমে নয় উইকেটে ৪০৮ রানের পাহাড়ে ওঠে ইংল্যান্ড। ওয়ানডেতে বর্তমানে এটাই তাদের সর্বোচ্চ দলীয় রানের ইনিংস। আগের সর্বোচ্চ ছিল ২০০৫ সালে বাংলাদেশের বিপক্ষে তোলা ৩৯১ রান।

জয়ের জন্য ৪০৯ রানের লক্ষ্যে নেমে ৩১.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে নিউ জিল্যান্ড। জো রুট, জস বাটলার ও আদিল রশিদের ব্যাটিং তাণ্ডবের পর স্টিভেন ফিন ও রশিদের বিধ্বংসী বোলিংয়ে উড়ে যায় অতিথি দলটি।

এজবাস্টনে ব্যাটে-বলে দারুণ আলো ছড়িয়েছেন রশিদ। বাটলারের সঙ্গে সপ্তম উইকেট জুটিতে বিশ্বরেকর্ড গড়ার পথে ৬৯ রানের ইনিংস খেলা রশিদ বল হাতেও ৫৫ রানে চার উইকেট নেন।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাসন রয়ের উইকেট হারায় ইংল্যান্ড। কিন্তু এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের। জোট রুট ১০৪ রান করার পর বাটলার ও রশিদ রানের চাকার গতি আরও বাড়িয়ে দেন।

নিউ জিল্যান্ডের বোলারদের তুলোধুনো করে ওয়ানডেতে সপ্তম উইকেট জুটির রানের বিশ্বরেকর্ড গড়েন বাটলার ও রশিদ। সপ্তম উইকেট জুটিতে ১৭৭ রান তুলে  ২০০১ সালে হারারেতে ইংল্যান্ডের বিপক্ষে  জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ও হিথ স্ট্রিকের গড়া ১৩০ রানের জুটির রেকর্ড ভাঙেন তারা।

৩০তম ওভারের শেষ বলে স্যাম বিলিংস আউট হলে বাটলারের সঙ্গে জুটি গড়েন রশিদ। ৪৭.৩ ওভারে ম্যাকক্লেনাগানের বলে হেনরিকে ক্যাচ দিয়ে বাটলার ফিরলে ভাঙে বিশ্বরেকর্ড গড়া সপ্তম উইকেট জুটি।

১৭.৩ ওভার স্থায়ী জুটিতে নিউ জিল্যান্ডের বোলারদের ওপর ব্যাটিং তাণ্ডব চালান ইংল্যান্ডের এই দুই ব্যাটসম্যান। বিশ্বরেকর্ড গড়া জুটিতে বাটলার ১১৭ ও রশিদ ৫৬ রান অবদান রাখেন।

বাটলার ১৩টি চার ও ৫টি ছক্কায়  তোলা ১২৯ রানের ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। আর রশিদ ৭টি চার ও ২টি ছক্কায় ৬৯ রান করে সাজঘরে ফেরেন। রশিদের উইকেটটি নেন গ্র্যান্ট এলিয়ট।

জয়ের জন্য বড় রানের লক্ষে নামা নিউ জিল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় কখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি। রশিদের সঙ্গে ফিনের বোলিং যোগ হলে দুইশ’র নিচে থেমে যায় অতিথিদের ইনিংস।

ইংল্যান্ডের ফিন ৩৫ রানে চার উইকেট নেন। নিউ জিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন রস টেইলর (৫৭)।