বাংলাদেশের অনুশীলনে রবিউল, আল-আমিন, তাসকিন
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নিবিড় অনুশীলনে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। রোববার তাদের অনুশীলনে ছিলেন তিন পেসার রবিউল ইসলাম, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ।
রোববার প্রথমবারের মতো ফতুল্লায় অনুশীলন করেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবালরা। দুটি সেন্টার উইকেটসহ মোট চারটি উইকেটে ব্যাটিং, বোলিং অনুশীলন করেন স্বাগতিক ক্রিকেটাররা। আগামী বুধবার এই মাঠেই ভারতের বিপক্ষে টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ।
সেন্টার উইকেটের একটিতে ছিলেন পেসার রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ, আবুল হাসান, রবিউল, আল-আমিন, তাসকিনরা। অন্যটিতে বল করেন স্পিনার তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন ও শুভাগত হোম চৌধুরীরা।
ওয়ানডে দলে নিয়মিত হলেও টেস্ট দলে এখনও ডাক পাননি তাসকিন। এই তরুণ চেষ্টা করছেন টেস্ট দলেও জায়গা করে নেওয়ার। একটা সময় নিয়মিত হলেও এখন উপেক্ষিতই রবিউল ও আল-আমিন। তবে নেটে নিজেদের উজাড় করে দিয়েই বল করেন দলে ফেরার লড়াইয়ে থাকা এই দুই পেসার।
অনুশীলন শেষে তাইজুল জানান, বোলিংয়ের বৈচিত্র্য নিয়ে তিনি এই দিন কাজ করেছেন। নিজের দুর্বলতাগুলো কাটিয়ে ভারতের বিপক্ষে ভালো করতে উন্মুখ এই বাঁহাতি স্পিনার।
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নাসির হোসেন, মুমিনুল হকরা লম্বা সময় ধরে ব্যাটিং অনুশীলন করে টেস্টের জন্য নিজেদের প্রস্তুত করছেন। শেষের দিকে ব্যাটিং অনুশীলন করেন হাসান, শুভাগতও।
ব্যাটিংয়ের সঙ্গে কিপিং অনুশীলনেও কঠোর পরিশ্রম করছেন লিটন দাস। আঙুলে চোট পাওয়া অধিনায়ক মুশফিকুর রহিম উইকেটের পেছনে না দাঁড়লে ফতুল্লায় টেস্ট অভিষেক হতে পারে এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের।
