তামিমদের বিপক্ষে আলো ছড়াতে চান ভুবনেশ্বর
বাংলাদেশ সফরে বল হাতে ভালো সময় কাটাতে চান ভুবনেশ্বর কুমার। ভারতের এই পেসার আরও জানিয়েছেন, চোট কাটিয়ে পুরোপুরি সেরে উঠেছেন তিনি।
১২টি টেস্ট ও ৪৫টি ওয়ানডে খেলা এই ডানহাতি পেসার এখন বাংলাদেশ সফরের জন্য উন্মুখ হয়ে আছেন।
একটি টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে আগামী সোমবার বাংলাদেশে আসছে ভারত।
রোববার কলকাতায় সাংবাদিকদের তামিম-সাকিবদের বিপক্ষে সিরিজ নিয়ে মুখিয়ে থাকার কথা জানান তিনি, “বর্তমানে যেভাবে আছি, তাতে আমি খুশি। আশা করি, বাংলাদেশের বিপক্ষে সিরিজ আমার জন্য ভালো হবে।”
সর্বশেষ অস্ট্রেলিয়া সফরের পর থেকে ‘ফিটনেস’ নিয়ে অবশ্য ঝামেলায় ছিলেন ভুবনেশ্বর। তবে ২৫ বছর বয়সী এই পেসার জানিয়েছেন, পুরোপরি ফিট আছেন তিনি।
“এখন আমি পুরোপুরি ফিট আছি। অতীতে ‘ফিটনেস’ নিয়ে সংগ্রাম করতে হয়েছিল; তবে সেটা এখন অতীতই।”
১০ জুন নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের টেস্ট দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে ভারত।
১৮ জুন তিন ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচ হবে। ২১ ও ২৪ জুন হবে পরের দুই ওয়ানডে। দিবা-রাত্রির তিনটি ওয়ানডেই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
