২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ টেস্টেই জয়ে ফেরার সংকল্প কোহলির

ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি মনে করেন, অনেক অভিজ্ঞতা অর্জন করেছে তার দল; এখন তাদের উচিৎ জয়ে ফেরা। বাংলাদেশ সফরে একমাত্র টেস্টেই এই চাওয়া পূরণ করতে চান তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 07:21 PM

Updated : 22 Aug 2022, 12:29 PM

একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে সোমবার বাংলাদেশ সফরে আসছে ভারত। আগের দিন কলকাতায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে বাংলাদেশ সফর দিয়ে টেস্টে জয়ে ফেরার লক্ষ্য জানান কোহলি।

“আমরা অনেক শিখেছি, কিন্তু আমি মনে করি না, সবসময় শিখব-এই মানসিকতা নিয়ে আমাদের খেলা উচিৎ। আমি মনে করি, (ভাবার) এটাই সময়-আমরা অনেক টেস্ট খেলেছি, সেহেতু আমাদের দক্ষতা মেলে ধরার শুরু করা এবং নিজেদের মতো করে ফল পাওয়া উচিৎ; টেস্ট জয়ের প্রতি দৃষ্টি দেওয়া উচিৎ।”

গত বছর জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট জয়ের স্বাদ পায় ভারত। লর্ডসের ওই টেস্টের পর খেলা সাত ম্যাচে জয় পায়নি তারা।

লম্বা সময় টেস্টে জয় না পাওয়ার কারণে কোহলির দীর্ঘমেয়াদী ক্রিকেটে জয়ের চাওয়াটা আরও বেশি।

টিভিতে ম্যাচ দেখেও শেখা যায় উল্লেখ করে তাই ভারত অধিনায়ক জানান, শুধু শেখার মানসিকতা নিয়ে প্রতিটি ম্যাচ খেলতে নামার দিন তাদের জন্য ফুরিয়েছে। বাংলাদেশ সফরে তা করবেন না ক্রিকেটাররা।

আগামী ১০ জুন নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সফরের একমাত্র টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।

আগামী মৌসুমে নিজেদের মাঠে একের পর এক সিরিজ খেলবে ভারত। এই সিরিজগুলোর জন্য আত্মবিশ্বাস সঞ্চয় করে নিতে তামিম-সাকিবদের বিপক্ষে ফতুল্লা টেস্টে সাফল্য আশা করছেন কোহলি।

“যেটা অর্জন করতে চাই, তার জন্য আমাদের পরিকল্পনা, উচ্চাশা এবং লক্ষ্য আছে কিন্তু সেখানে আমরা ধাপে ধাপে যাব। গতকাল (লক্ষ্যের পথে) আমরা ছোট্ট একটা ধাপ এগিয়েছি। আজ প্রস্তুতি শুরু করছি; এরপর বাংলাদেশে আমাদের টেস্ট আছে এবং এরপর নিজেদের মাঠে আমাদের জন্য লম্বা একটা মৌসুম আছে।”