২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমাঞ্চ পাশে রেখে ‘প্রস্তুত’ লিটন

পাকিস্তান সিরিজের টেস্ট দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি লিটন দাস। তবে স্বপ্নের টেস্ট ক্যাপ তিনি পেতে পারেন ফতুল্লায়। আঙুলের চোটের কারণে অধিনায়ক মুশফিকুর রহিম শেষ পর্যন্ত কিপিং করতে না পারলে ভারতের বিপক্ষে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে অভিষেক হবে লিটনের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 06:16 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

তবে স্বপ্ন ছোঁয়ার এত কাছে এসেও রোমাঞ্চে ডুবে নেই লিটন; বরং ভাল খেলার দায়িত্বটাই বেশি ভাবাচ্ছে তাকে। রোববার ফতুল্লায় টেস্ট দলের অনুশীলন শেষে সেই ভাবনার কথা জানালেন তরুণ ব্যাটসম্যান।

“রোমাঞ্চ বলতে আসলে ততটা নেই (টেস্ট অভিষেকের)। একজন ক্রিকেটার হিসেবে সব সময়ই সব ম্যাচ খেলার লক্ষ্য থাকে। খেলতে পারলে ভালো লাগবে। ভারত অনেক বড় দল। আমি সৌভাগ্যবান যে এত বড় দলের সঙ্গে খেলতে পারব। তবে ভাল খেলতে হবে। যদি ভাল খেলতে পারি, এর থেকে ভাল কিছু আর হয় না।”

২০ বছর বয়সী লিটন এবার জাতীয় লিগে ৭ ম্যাচে ৫ শতকে রেকর্ড ১ হাজার ২৪ রান করেছেন ৮৫.৩৩ গড়ে। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে করেছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ৬৮৬ রান।