২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার টেস্ট ভেন্যুতে মুশফিকদের অনুশীলন

ঘরোয়া ক্রিকেটের ম্যাচ নিয়মিতই হয় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। তবে গত নয় বছরে এখানে কোনো টেস্ট খেলা হয়নি স্বাগতিকদের। তাই ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের আগের তিন দিন ফতুল্লায় অনুশীলন করবেন মুশফিকুর রহিমরা, যা শুরু হচ্ছে রোববার। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 07:53 PM

Updated : 12 Oct 2022, 03:46 PM

ফতুল্লায় বাংলাদেশ একমাত্র টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০০৬ সালের এপ্রিলের সেই টেস্টের কোনো খেলোয়াড় নেই স্বাগতিকদের এবারের দলে।
 
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ জানায়, রোববার সকাল সাড়ে নয়টায় ফতুল্লায় অনুশীলন করবে বাংলাদেশ দল। পরদিনের অনুশীলন শুরু হবে বেলা আড়াইটায়।
 
মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় শেষবারের মতো অনুশীলনে আসবেন চন্দিকা হাথুরুসিংহের শিষ্যরা। পরদিন ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে খেলবে তারা।
 
সোমবার বাংলাদেশে আসবেন বিরাট কোহলিরা। সেদিন বিশ্রাম নিয়ে পরদিন অনুশীলন করার কথা ছিল ভারতের ক্রিকেটারদের। তবে তাতে পরিবর্তন এনে সোমবার দুপুরে শিষ্যদের অনুশীলন করার নির্দেশ দিয়েছেন কোচ রবি শাস্ত্রি।  
 
বেলা আড়াইটায় ফতুল্লায় অনুশীলন করতে চায় ভারত দল। একই সময়ে সেখানে স্বাগতিকদের অনুশীলনের কথা রয়েছে।
 
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক সাব্বির খান জানান, “৮ জুন ভারতের অনুশীলন ছিল না। পরে তারা অনুশীলন করতে চায় বলে জানিয়েছে। ফতুল্লায় সেদিন দুপুরের পর বাংলাদেশের অনুশীলন ঠিক হয়ে আছে। ভারত একই সময়ে অনুশীলন করতে চাইলে মিরপুরে করতে পারবে। এ বিষয়ে আমরা তাদের জানিয়ে চিঠি দিয়েছি।”