এবার ম্যাচ খেলিয়ে যাচাই সাব্বিরদের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিটের ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা, দক্ষতা পরীক্ষা শেষ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলনও শুরু করেছেন তারা। এই সম্ভাবনাময় ক্রিকেটারদের এখন ম্যাচে পরীক্ষা করে দেখতে চান কোচ ম্যাল লয়।
দুটি করে টি-টোয়েন্টি, এক দিন ও দুই দিনের ম্যাচ খেলবেন হাই পারফরম্যান্স ইউনিটের ক্রিকেটাররা। সাব্বির রহমান, রনি তালুকদারদের মতো প্রতিভাবান ক্রিকেটাররা আছেন এই দলটিতে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার ও সোমবার হবে টি-টোয়েন্টি ম্যাচ দুটি। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। বগুড়ায় বুধবার ও শুক্রবার হবে দুটি একদিনের ম্যাচ।
এই চার ম্যাচে হাই পারফরম্যান্স ইউনিটের খেলোয়াড়দের সঙ্গে থাকবেন টেস্ট দলের বাইরে থাকা বাংলাদেশের ওয়ানডে দলের ক্রিকেটাররাও। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগের এই চার ম্যাচ তাদের প্রস্তুতির জন্য খুব সহায়ক হবে। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একটি একদিনের ম্যাচে খেলতে উন্মুখ হয়ে আছেন।
হাই পারফরম্যান্স ইউনিটের ২২ জনের মধ্যে কেবল লিটন দাস ও জুবায়ের হোসেন আছেন টেস্ট দলে। ১০ তারিখ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট। তাই লিটন, জুবায়েরের খেলা হচ্ছে না টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচগুলোতে।
ফতুল্লায় ১৭-১৮ জুন ও ২০-২১ জুন দুটি দুই দিনের ম্যাচে খেলবে হাই পারফরম্যান্স ইউনিট।
