ম্যাচ খেলতে উন্মুখ মাশরাফি
দেড় মাস ধরে কোনো ম্যাচ খেলেননি মাশরাফি বিন মুর্তজা। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে যেভাবেই হোক অন্তত একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চান দেশসেরা এই পেসার।
আগামী ১৮ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলবে বাংলাদেশ। গত ২৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বশেষ খেলেছিলেন মাশরাফি।
গত বৃহস্পতিবার বাসা থেকে রিকশায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার পথে পেছন থেকে বাসের ধাক্কায় রাস্তায় পড়ে দুই হাতে আঘাত পান মাশরাফি।
শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিরি চিকিৎসকদের কাছে ক্ষতে ড্রেসিং করাতে এসেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাশরাফির খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। নিয়মিত ড্রেসিং করালেই শিগগির সেরে উঠবেন তিনি।
হাত ও পায়ের হাড়ে কোনো চোট না থাকায় মাশরাফিকে নিয়ে নির্ভার বিসিবির চিকিৎসক দল। চোট নিয়ে কোনো শঙ্কা নেই মাশরাফিরও। তবে এই পেসার চিন্তিত প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হাতছাড়ার শঙ্কায়।
পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের পর থেকে ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। হাই পারফরম্যান্স ইউনিটের ওয়ানডে দিয়ে ম্যাচ অনুশীলন সেরে নিতে চেয়েছিলেন তিনি।
মাশরাফি জানান, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নামার আগে অন্তত একটা প্রস্তুতি ম্যাচ তার খেলা দরকার। ফিল্ডিং বা ব্যাটিং করতে না পারলে শুধু বোলিং করে হলেও হাই পারফরম্যান্স ইউনিটের একটি ম্যাচে খেলতে চান তিনি।
“যেভাবেই হোক আমার অন্তত একটা ম্যাচ খেলতেই হবে। এক মাস কোনো ম্যাচ খেলি না।”
আগামী ১০ ও ১২ জুন বগুড়ায় দুটি এক দিনের ম্যাচ খেলবে হাই পারফরম্যান্স ইউনিট।
রোববারই জিম শুরু করবেন মাশরাফি। ডান হাতের তালুর ক্ষত নিয়ে এখনও একটু দুর্ভাবনা আছে তার।
“এটা ভালোভাবে শুকাতে হবে। ফিল্ডিং ও ব্যাটিং করতে গেলে এখানে চাপ লাগবে। বল গ্রিপ করতেও এখানে টান লাগবে। এই জায়গাটা নিয়েই চিন্তা করছি। তারপরও খেলব ম্যাচ।”
