বাংলাদেশ সফর দিয়ে ভারতের ‘নতুন যাত্রা’
বাংলাদেশ সফর দিয়েই তরুণ ভারতীয় দলের নতুন যাত্রা শুরু হবে বলে মনে করছেন রোহিত শর্মা। বাংলাদেশ সফরের আগে ইন্ডিয়ান এক্সপ্রেসকে লম্বা একটি সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন সদ্য আইপিএল জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক।
মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেট ছাড়ার পর এই প্রথম সফরে আসছে ভারত। হরভজন সিংয়ের মতো সিনিয়র ক্রিকেটার দলে ফিরলেও দলে নেই তার সেই আগের প্রভাব, নিশ্চিত নয় একাদশে জায়গাও। বিরাট কোহলির নেতৃত্ব মূলত তরুণদের নিয়েই গড়া ভারতের দল।
বাংলাদেশ সফরকে তরুণ দলের নতুন শুরু ভাবছেন কিনা, এই প্রশ্নে রোহিত বললেন, ‘‘অবশ্যই। এটাই প্রথম যে, আমাদের দলে কোনো সিনিয়র ক্রিকেটার নেই। এখান থেকে সামনে এগিয়ে যাওয়া আমাদের জন্য হবে দারুণ চ্যালেঞ্জ। আমাদের কেউ কেউ ৩০ টেস্ট খেলেছে, কেউবা ২০টি। অতীতকে পেছনে ফেলে সামনে তাকানো জরুরি আমাদের জন্য। গত দুটি সিরিজ আমাদের ভালো যায়নি। তবে আমরা সবাই ওসব থেকে অনেক শিখেছি।”
গত অস্ট্রেলিয়া সফরেই ভারতকে দুটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। তবে ওই দুই টেস্টের প্রথমটি ছিল মহেন্দ্র সিং ধোনির চোটে; পরেরটি সিরিজের মাঝপথে ধোনি আচমকাই নেতৃত্ব ছেড়ে দেওয়ায়। টেস্ট অধিনায়ক কোহলির প্রথম সফর তাই বলা যায় বাংলাদেশকেই। আগ্রাসী কোহলির নেতৃত্ব খেলতে মুখিয়ে আছেন রোহিতও।
“বিরাটের অভিষেক থেকে ওর সঙ্গে খেলছি। ক্যারিয়ারে একবারই ব্যাট হাতে ওর বাজে সময় এসেছে, সেটাও ইংল্যান্ডে। সেই সফরের পর ফিরেও এসেছে দারুণভাবে। ওর মতো ক্রিকেটার আমি আর দেখিনি। অল্প সময়ের মধ্যেই সে যা করেছে, সেটাই বলে দেয় এসব অর্জন করতে কতটা পরিশ্রম করেছে সে। অন্য ধরণের এক প্রাণশক্তির উৎস সে। ওর আগ্রাসন আমি পছন্দ করি। আমরা দেখেছি, অস্ট্রেলিয়ায় ও কিভাবে নেতৃত্ব দিয়েছে। ভারতীয় ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়ার, আমাদের পথ দেখানোর দায়িত্ব এখন ওর। আমার বিশ্বাস বিরাট পারবে।”
