২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বুড়ো’ ভোজেসের ইতিহাস গড়া শতক 

প্রথম শ্রেণির ক্রিকেটে অ্যাডাম ভোজেসের অভিষেক সেই ২০০২-০৩ মৌসুমে। মনে টেস্ট ক্রিকেট খেলার স্বপ্ন বোনার সূচনা তখন থেকেই। সময় যত গড়িয়েছে, স্বপ্ন ডালপালা মেলেছে, তারপর আবার তা গুটিয়েও গেছে। ডাক না পেয়ে আশাই ছেড়ে দিয়েছিলেন একটা সময়। অবশেষে যখন পেলেন স্বপ্নের ব্যাগি গ্রিন, ক্যারিয়ার তখন প্রায় গোধূলিতে। বয়স পেরিয়ে গেছে ৩৫, খেলে ফেলেছেন ১৬০ টি প্রথম শ্রেণির ম্যাচ। যন্ত্রণাময় সেই অপেক্ষার সমাপ্তি হলো দারুণ মধুর; অভিষেকেই রেকর্ড গড়া অসাধারণ এক শতকে!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 10:39 AM

Updated : 12 Oct 2022, 03:46 PM

পুরনো খবর:

বিশুর মায়াজাল ভেঙে ভোজেসের শতক

এই শতকই হয়ত যথেষ্ট ছিল ভোজেসের স্বপ্নের সীমানা ছুঁতে। কিন্তু এত দীর্ঘ অপেক্ষার যন্ত্রণার প্রতিদান কি শুধু একটা শতকে হয়! লড়িয়ে ভোজেসকে তাই ক্রিকেট বিধাতা উপহার দিয়েছেন অনন্য এক অর্জন। ‘বুড়ো’ ভোজেস নাম লিখিয়েছেন ইতিহাসে। অভিষেকে সবচেয়ে বেশি বয়সে শতকের আগের রেকর্ড ছিল জিম্বাবুয়ের ডেভ হটনের। দেশের অভিষেক টেস্টে সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক খেলতে নেমেছিলেন ৩৫ বছর ১১৭ দিন বয়সে। ৩৫ বছর ২৪২ দিন বয়সে অভিষিক্ত ভোজেস ডমিনিকা টেস্টে শতক করে ছাড়িয়ে গেলেন হটনের কীর্তিকে।

টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি বয়সে শতক:

বয়স

ব্যাটসম্যান

রান

প্রতিপক্ষ

ভেন্যু

সাল

৩৫ বছর ২৪২ দিন

অ্যাডাম ভোজেস (অস্ট্রেলিয়া)

১৩০*

ওয়েস্ট ইন্ডিজ

ডমিনিকা

২০১৫

৩৫ বছর ১১৭ দিন

ডেভ হটন (জিম্বাবুয়ে)

১২১

ভারত

হারারে

১৯৯২

৩৩ বছর ২৪০ দিন

বিলি গ্রিফিথ (ইংল্যান্ড)

১৪০

ওয়েস্ট ইন্ডিজ

ত্রিনিদাদ

১৯৪৮

৩২ বছর ৩৩১ দিন

হার্বি কলিন্স (অস্ট্রেলিয়া)

১০৪

ইংল্যান্ড

সিডনি

১৯২০

৩২ বছর ২৮২ দিন

আমিনুল ইসলাম (বাংলাদেশ)

১৪৫

ভারত

ঢাকা

২০০০

ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিনে ভোজেসের সেঞ্চুরিতেই প্রথম ইনিংসে ১৭০ রানের বড় লিড নিয়েছে অস্ট্রেলিয়া। শেষ উইকেটে জশ হেইজেলউডকে নিয়ে ৯৭ রানের জুটি গড়েছেন ভোজেস। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ২৫ রান নিয়ে। ১২৬ রানে ৬ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়েছেন মূলত ভোজেসই। অভিষেকে শতকে স্বাভাবিকভাবেই দারুণ রোমাঞ্চিত ভোজেস। ইএসপিএন ক্রিকইনফোকে শুনিয়েছেন সেই রোমাঞ্চের কথা।

‘‘দারুণ রোমাঞ্চ, ভীষণ স্বস্তি। সুযোগটা পাওয়া এবং সেটা কাজে লাগাতে পারা দারুণ তৃপ্তির। দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। অনেক অনেক ঘাম ঝরাতে হয়েছে।”

অনেক দিনের স্বপ্ন এমনভাবে পূরণ হওয়ায় উচ্ছ্বসিত ভোজেস।

“প্রথমত, এই সুযোগটা পাওয়া আর সেটিকে সর্বোচ্চ কাজে লাগানো…অভিষেকে শতক এমন একটা কিছু, যা আমি ভেবেছি দীর্ঘ, দীর্ঘ দিন ধরে।”

অথচ এই টেস্টেও তার খেলার কথা ছিল না। ভোজেসকে এই বয়সে দলে নেওয়া হয়েছে মূলত ইংল্যান্ডের মাটিতে আগামী মাসের অ্যাশেজকে মাথায় রেখে। ইংল্যান্ডে দীর্ঘদিন কাউন্টি খেলার অভিজ্ঞতা আছে ভোজেসের। তার পরও এই ডমিনিকা টেস্টেও পানি-তোয়ালে টানার কথা ছিল তার। অনুশীলনে ক্রিস রজার্স চোট পেয়ে ছিটকে যাওয়াতেই কপাল খোলে ভোজেসের।

কপাল সত্যিই খুলেছে। রজার্স ফিরলেও এখন ভোজেসকে বাদ দেওয়া কঠিন হবে!

সবচেয়ে বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলে টেস্ট অভিষেক (অস্ট্রেলিয়া):

ক্রিকেটার

ম্যাচ

মাইক হাসি

১৭৩

ব্র্যাড হজ

১৬৫

অ্যান্ড্রু সাইমন্ডস

১৬৫

অ্যাডাম ভোজেস

১৬০