২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশুর মায়াজাল ভেঙে ভোজেসের শতক

অভিষেকেই দারুণ অপরাজিত শতকে অস্ট্রেলিয়াকে খাদের কিনারা থেকে টেনে তুলে বড় লিড এনে দিয়েছেন অ্যাডাম ভোজেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 09:52 AM

Updated : 12 Oct 2022, 03:46 PM

পুরনো খবর:

‘বুড়ো’ ভোজেসের ইতিহাস গড়া শতক 

বৃহস্পতিবার ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিনে অপরাজিত ১৩০ করেছেন ভোজেস, অস্ট্রেলিয়ার লিড ১৭০ রানের। ওয়েস্ট ইন্ডিজ দিন শেষ করেছে ২ উইকেটে ২৫ রানে।

অথচ দেবেন্দ্র বিশুর লেগ স্পিন মায়াজালে ১৪৮ রানের পুঁজি নিয়েই লিড নেওয়ার সম্ভাবনা জাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১২৬ রানে পড়েছিল অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেট। সেখান থেকে লোয়ার অর্ডারদের নিয়ে ভোজেসের লড়াই। সপ্তম উইকেটে মিচেল জনসনের (২০) সঙ্গে গড়েছেন ৫২ রানের জুটি; নবম উইকেটে নাথান লায়নের (২২) সঙ্গে তার জুটি ৪৩ রানের।

ক্যারিবিয়ানদের সবচেয়ে বেশি ভুগিয়েছে অস্ট্রেলিয়ার শেষ উইকেট জুটি। জস হেইজেলউডকে নিয়ে (৩৯) ৯৭ রানের জুটি গড়েন ভোজেস! অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত অলআউট হয় ৩১৮ রানে।

শেষ ব্যাটসম্যান উইকেটে যাওয়ার সময় ভোজেসের রান ছিল ৭৭। সেখান থেকে শেষ পর্যন্ত তিনি অপরাজিত ১৩০ রানে! ৩৫ বছর ২৪২ দিন বয়সে টেস্ট ক্যারিয়ার শুরু করা ভোজেস এখন টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে অভিষেকে শতকের রেকর্ডের মালিক।

ভোজেসের কীর্তিতে অনেকটাই আড়াল হয়ে গেছেন দেবেন্দ্র বিশু। এই লেগ স্পিনার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৬ উইকেট নিয়েছেন ৮০ রানে। শেন ওয়ার্নের ‘বল অব দা সেঞ্চুরি’-এর ২২ বছর পূর্তির দিনে ওই রকমই এক ডেলিভারিতে ব্র্যাড হাডিনকে আউট করে জানিয়েছেন শ্রদ্ধাঞ্জলি। দিনশেষে তবু তাকে মাঠ ছাড়তে হয়েছে ম্লান মুখে।

ভোজেসের ব্যাটে উদ্দীপ্ত অস্ট্রেলিয়া শেষ বিকেলে তুলে নিয়েছে দুই ক্যারিবিয়ান ওপেনার ক্রেইগ ব্রাফেট (১৫) ও শাই হোপকে (২)। ৮ উইকেট হাতে নিয়ে ১৪৫ রানে পিছিয়ে খেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে স্বাগতিকেরা।