লারা, শচিনদের নিয়ে টুর্নামেন্ট ফেব্রুয়ারিতে
ব্রায়ান লারা, শচিন টেন্ডুলকার, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্নের মতো সাবেকদের শিগগিরই ক্রিকেট মাঠে ব্যাট-বলের লড়াইয়ে দেখা যাবে। অবসরে যাওয়া সাবেক ক্রিকেটারদের নিয়ে আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে যাচ্ছে মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ (এমসিএল)।
সংযুক্ত আরব আমিরাতে গত বুধবার রাতে এমসিএল শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকরা। সেখানেই হবে ছয় দলের এই আসর।
আয়োজকরা জানান, প্রতিটি দলে ১৫ জন করে ক্রিকেটার থাকবেন। সব মিলিয়ে ছয় দলে মোট ৯০ জন সাবেক ক্রিকেটার এই আসরে অংশ নেবে।
এমসিএল আয়োজনে ১০ বছরের জন্য আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি করার কথা জানিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের প্রতিনিধি ডিন জোন্স জানান, যেটা আগে কখনোই দেখা যায়নি, ক্রিকেটের সাবেকদের নিয়ে সেটাই এবার করতে যাচ্ছেন তারা।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া লারা এমসিএল নিয়ে দারুণ উচ্ছ্বসিত। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ব্যাটসম্যান আশা করেন, সমর্থকেরা এমসিএলের পাশে থাকবেন এবং তাদের প্রিয় ক্রিকেটারদের ক্যারিয়ারটাকে অরেকটু লম্বা করার প্রচেষ্টাকে সমর্থন করবেন।
এমসিএলের গভার্নিং বডিতে রয়েছেন অ্যালান বোর্ডার ও গ্রাহাম গুচের মতো সাবেকরা।
