২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ডি ভিলিয়ার্স

ফের দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন এবি ডি ভিলিয়ার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 04:35 PM

Updated : 12 Oct 2022, 03:45 PM

বছর জুড়ে ব্যাট হাতে দুর্দান্ত সব পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেলেন ডি ভিলিয়ার্স। গত বছরও এই পুরস্কার জিতেছিলেন তিনি।

এর আগে টানা দুই বছরে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার এই পুরস্কার জেতার একমাত্র কৃতিত্ব ছিল সাবেক পেসার মাখায় এনটিনির। ২০০৫ ও ২০০৬ সালে ওই পুরস্কার জেতেন তিনি।

এছাড়া দুবার করে এই পুরস্কার জিতেছেন জ্যাক ক্যালিস (২০০৪ ও ২০১১) ও হাশিম আমলা (২০১০ ও ২০১৩)।

গেল বছরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে দারুণ অবদান রাখাদের বুধবার রাতে পুরস্কৃত করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ওই অনুষ্ঠানে একাই পাঁচটি পুরস্কার জিতে নেন বর্তমানে ওয়ানডে ক্রিকেটে ৫০, ১০০ ও ১৫০ রানের দ্রুততম ইনিংসের মালিক ডি ভিলিয়ার্স।

দেশের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও নির্বাচিত হওয়া ডি ভিলিয়ার্স ভক্তদের ভোটে আরও জেতেন এসএ প্লেয়ার্স প্লেয়ার অব দ্য ইয়ার ও এসএ ফ্যান্স প্লেয়ার অব দ্য ইয়ার। এছাড়া গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের দ্রুততম শতক করার জন্যে কেএফসির 'সো গুড' পুরস্কার জেতেন ডান-হাতি এই ব্যাটসম্যান।

 গত বছর হাশিম আমলাও একাই ৫টি পুরস্কার জেতার অনন্য কীর্তি গড়েছিলেন। আর এ বছর ডান-হাতি এই ব্যাটসম্যান পেয়েছেন দেশের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার।

মর্নে ফন উইক বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।