২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ভূমিকায় বাংলাদেশে আসছেন ল্যাঙ্গেভেল্ট

বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার সবশেষ দ্বিপাক্ষিক সিরিজে ছিলেন চার্ল ল্যাঙ্গেভেল্ট। আসছেন এবারও। তবে সেবার ছিলেন বোলার। এবার বোলারদের গুরু। দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক এই পেসারকে। ল্যাঙ্গেভেল্টের কাজ শুরু হবে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর দিয়েই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 08:46 PM

Updated : 22 Aug 2022, 12:24 PM

দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও ২ টেস্টের সিরিজ খেলতে আগামী ৩০ জুন বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রোটিয়ারা সবশেষ বাংলাদেশে এসেছিল ২০০৮ সালে। সেবার দুটি ওয়ানডেতে খেলেছিলেন ল্যাঙ্গেভেল্ট। প্রথম ম্যাচে উইকেট নিয়েছিলেন দুটি, পরের ম্যাচে তিনটি। এবার তিনি স্টেইন-মরকেলদের বাতলে দেবেন তামিম-মুশফিকদের আউট করার উপায়।

গত এপ্রিলে দায়িত্ব ছাড়েন দক্ষিণ আফ্রিকার আগের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তারপর থেকে নতুন বোলিং কোচ হিসেবে ল্যাঙ্গেভেল্টের নামটিই শোনা যাচ্ছিল বেশি। গত বিশ্বকাপের আগে স্টেইন-মরকেলদের 'ডেথ বোলিংয়ে' তালিম দেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয়েছিল ল্যাঙ্গেভেল্টকে। এবার পাকাপাকি ভাবেই পেলেন দায়িত্ব।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে সবশেষ খেলা এই পেসার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬ টেস্টে নিয়েছেন ১৬ উইকেট। ৭২ ওয়ানডেতে তার উইকেট ১০০টি। বাংলাদেশের বিপক্ষে ৪ ওয়ানডে খেলে নিয়েছেন ৮ উইকেট।