২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির সভাপতি পদে জহির আব্বাসকে মনোনয়ন পিসিবির

আইসিসির সভাপতি পদের জন্য জহির আব্বাসকে মনোনীত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 03:41 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার 'অলঙ্কারিক' এই পদের জন্য পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম সেঠি নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর ৬৭ বছর বয়সী সাবেক ক্রিকেটার জহির আব্বাসের নাম প্রস্তাব করল পিসিবি।

সেঠি যখন পিসিবির চেয়ারম্যান ছিলেন, তখন তার উপদেষ্টা ছিলেন জহির।

আইসিসি গত সেপ্টেম্বরে পরবর্তী সভাপতি হওয়ার জন্যে পিসিবিকে সাবেক এক জন ক্রিকেটারকে মনোনোয়ন করতে বলে। কিন্তু পাকিস্তান সেঠির নাম প্রস্তাব করে। ১ জুলাই থেকে আ হ ম মুস্তফা কামালের জায়গায় দায়িত্ব নেওয়ার কথা ছিল সেঠির।

পরিস্থিতি পাল্টে যায় অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে হওয়া গত বিশ্বকাপের পর। মুস্তফা কামাল দায়িত্ব ছেড়ে দিলে শূন্য হয়ে পড়ে আইসিসির সভাপতি পদ। তারপর গত এপ্রিলে সেঠি আইসিসির অন্তর্বর্তীকালীন সভাপতি হওয়ার জন্যে নিজের নাম প্রস্তাব করে। তখন তিনি জানিয়েছিলেন, জুলাইয়ে পূর্ণ মেয়াদে দায়িত্ব নেওয়ার আগের দুই মাসও ওই পদে কাজ করতে প্রস্তুত তিনি।

ক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, আইসিসি নাকি তাদের গত বোর্ড সভায় সাবেক কোনো ক্রিকেটারকেই ২০১৬ সাল থেকে সংস্থাটির সভাপতি করার বিষয়ে আলোচনা করে। এরপরই মূলত সেঠির বদলে সাবেক ব্যাটসম্যান জহির আব্বাসের নাম প্রস্তাব করল পিসিবি।

এক সময়ের স্টাইলিশ ব্যাটসম্যান জহির আব্বাস পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন। প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করা এশিয়ান তিনি, যাকে বলা হত এশিয়ার ব্র্যাডম্যান।