২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমাদের উপরেই পাকিস্তান সফরের সিদ্ধান্ত

পাকিস্তানে সফরে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নারী দলই নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 07:14 PM

Updated : 22 Aug 2022, 12:23 PM

বাংলাদেশের নারী ক্রিকেট দলকে পাকিস্তানে নিতে জোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটের একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল তাদের। সেই টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় আপাতত সফরে যাচ্ছেন না সালমা খাতুনরা। 

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হাসান জানান, পিসিবি তার কাছে জানতে চেয়েছে, মহিলা দল কবে পাকিস্তান সফরে যাবে।

“আমি বলেছি, এটা সম্পূর্ণ আমাদের মহিলা দলের ওপর নির্ভর করছে। ওরা এক সময় বলেছিল, ওরা যে কোনো জায়গায় খেলতে যেতে চায়। এখন ওরা সেখানে যেতে চায় কী না, এটা প্রথমে জানতে হবে।”

বিসিবি সভাপতি জানান, মহিলা দল সফরের সিদ্ধান্ত নেওয়ার পর বোর্ড দেখবে সেই সময়ের পরিস্থিতিতে তাদের পাঠানো নিরাপদ হবে কী না। যদি বিসিবি নিরাপদ মনে করে, তাহলেই কেবল পাকিস্তান সফরে যাবেন মহিলা ক্রিকেটাররা।

“ওদের খেলা এই মাসে ছিল। কিন্তু পাকিস্তান এই খেলা পিছিয়ে নিয়ে গেছে। তারা আবার জানাবে কখন টুর্নামেন্ট হবে, তখন আবার আমাদের আমন্ত্রণ জানাবে। তখন (সফরের ব্যাপারে) সিদ্ধান্ত হবে।”