২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে এগিয়ে রাখছেন ইমরুল

দেশের মাটিতে বাংলাদেশের পরের সিরিজে প্রতিপক্ষ ভারতকে এগিয়ে রাখছেন ইমরুল কায়েস। তবে নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে স্বাগতিকদেরও ভালো সম্ভাবনা দেখছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 08:06 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশ। চলতি বছর পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে ও ১-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে তারা। মাঝখানে বিশ্বকাপে প্রথমবারের মতো পৌঁছায় কোয়ার্টার-ফাইনালে।

সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ অনেক দিন ধরেই সমীহ করার মতো দল। তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে ভারতের বিপক্ষেও মাশরাফি বিন মুর্তজার দলকে এগিয়ে রাখছেন কেউ কেউ। তাদের সঙ্গে দ্বিমত রয়েছে ইমরুলের।

“ফেভারিট আসলে তারা (ভারত)। আমরা ওয়ানডেতে ভালো খেলছি। সব বিভাগে যদি আমরা ভালো করতে পারি, তাহলে ভারতের বিপক্ষেও টেস্ট ও ওয়ানডেতে আমরা ভালো করতে পারবো। যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে আমরা ম্যাচ জিতব।”

পাকিস্তানের চেয়ে ভারতের ব্যাটিংকে এগিয়ে রাখছেন ইমরুল। ভারতের বোলিংকেও সমীহ করেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং অনুশীলন দেখে মনে হয়েছে, ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন তারা। অথচ একমাত্র টেস্ট দিয়ে ভারতের সফর শুরু হবে।

ওয়ানডে মেজাজে ব্যাটিংয়েরে ব্যাখ্যায় ইমরুল বলেন, “অনুশীলনের উইকেট ভালো ছিল। এমন উইকেট সবসময় থাকে না। সবাই উইকেটে গিয়ে দেখছে, বল ভালোভাবে ব্যাটে আসছে। যেহেতু টেস্ট শুরু হতে আরও অনেক দিন বাকি আছে। তার আগে যদি নিজেদের শটগুলো অনুশীলন করা যায়, আমার মনে হয় টেস্ট ম্যাচে কাজে লাগানো যাবে।”

১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে একমাত্র টেস্ট। সেই ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেট চান ইমরুল।

“শুধু আমি না, সবাই প্রত্যাশা করে যে, বাংলাদেশের উইকেট ব্যাটিং সহায়ক হবে। ব্যাটিং সহায়ক হলে ওরাও ভালো করবে, আমরাও ভালো ব্যাটিং করবো। একজন ব্যাটসম্যান হিসেবে আমি বলব, এখানে টেস্ট ম্যাচ ড্রয়ের সুযোগ বেশি থাকে।”