২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ দল থেকে চন্দরপল বাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন শিবনারায়ন চন্দরপল। সাম্প্রতিক বাজে ফর্মের জন্যই অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ১৪ সদস্যের দলের বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কোচ ফিল সিমন্স ও প্রধান নির্বাচক ক্লাইভ লয়ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 03:37 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ টেস্ট রান করার রেকর্ড থেকে ৮৭ রান দূরে থাকা চন্দরপলের ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজটি একদমই ভালো কাটেনি। তিন টেস্টে ১৫.৩৩ গড়ে ৯২ রান করেন তিনি। সবশেষ দশটি ইনিংসে মাত্র একটি অর্ধশতকই আছে চন্দরপলের। এই দশ ইনিংসের মধ্যে ৬টিই এক অঙ্কের।

সফররত অস্ট্রেলিয়া দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জোড়া অর্ধশতক করা শেন ডাওরিচকে দলে রাখেন নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন বার্বাডোজের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

২৩ বছর বয়সী ডাওরিচ গত দুই বছরে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০.১৮ গড়ে রান করেছেন। এ সময় তিনটি শতক আর সাতটি অর্ধশতকও করেন তিনি।

দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা রাজিন্দ্র চন্দ্রিকাও। প্রথম শ্রেণির ক্রিকেটে এই ব্যাটসম্যানের গড় ২৫ হলেও সম্প্রতি তিনি খুব ভালো করছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে অর্ধশতক করেন তিনি। এ ছাড়া চলতি বছরে ঘরোয়া ক্রিকেটের চার দিনের ম্যাচে চারটি অর্ধশতকও রয়েছে তার।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া সাই হোপ অস্ট্রেলিয়ার বিপক্ষেও দলে আছেন। ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজে মাত্র একটি করে ম্যাচ খেলা দুই স্পিনার দেবেন্দ্র বিশু ও ভিরাসামি পেরমলকেও জায়গা দেন নির্বাচকরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের দায়িত্বে থাকবেন জেরোম টেইলর, কেমার রোচ, জ্যাসন হোল্ডার ও শ্যানন গ্যাব্রিয়েল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী বুধবার ডমিনিকায়। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জ্যামাইকায় শুরু হবে ১১ জুন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দল: দিনেশ রামদিন (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, ক্রেইগ ব্র্যাথওয়েইট, ড্যারেন ব্র্যাভো, রাজিন্দ্র চন্দ্রিকা, শেন ডাওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জ্যাসন হোল্ডার, সাই হোপ, ভিরাসামি পেরমল, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, জেরোম টেইলর।