২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডি ভিলিয়ার্স ঝড়ে উড়ে গেল রাজস্থান

এবি ডি ভিলিয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ের পর বোলারদের দুর্দান্ত বোলিংয়ে সহজ জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএলের এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৭১ রানে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2015, 12:33 AM

Updated : 25 Apr 2022, 01:23 PM

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলবে ব্যাঙ্গালোর। জয়ী দল আগামী রোববার কলকাতায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে।

বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮০ রান করে ব্যাঙ্গালোর।

৪৬ রানে ক্রিস গেইল ও বিরাট কোহলির বিদায়ে ব্যাঙ্গালোরের শুরুটা ভালো হয়নি। তবে মানদিপ সিংয়ের সঙ্গে ১১৩ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি গড়েন দেন ডি ভিলিয়ার্স (৬৬)। রান আউট হয়ে শেষ হওয়া তার ৩৮ বলের ইনিংসটি চারটি করে ছক্কা ও চার সমৃদ্ধ।

শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত থাকেন মানদিপ। তার ৩৪ বলের ইনিংসটি গড়া ৭টি চার ও ২টি ছক্কায়।

রাজস্থানের ধাওয়াল কুলকার্নি ২৮ রানে নেন ২ উইকেট।

জবাবে এক ওভার বাকি থাকতে ১০৯ রানে অলআউট  হয়ে যায় রাজস্থান।

সর্বোচ্চ ৪২ রান করে উদ্বোধনী ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। এছাড়া আর কেউ ভালো করতে না পারায় বড় হার এড়াতে পারেনি দলটি। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করে আসে স্টিভেন স্মিথ ও করুন নায়ারের ব্যাট থেকে।

ব্যাঙ্গালোরের চার জন বোলার দুটি করে উইকেট নিয়ে দলের বড় জয়ে অবদান রাখেন।