২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং ব্যর্থতায় ধোনির চেন্নাইয়ের হার

ব্যাটিং ব্যর্থতায় দিল্লি ডেয়ারডেভিলসের কাছে হেরেছে চেন্নাই সুপার কিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দলের হারটি ৬ উইকেটের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 11:54 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

মঙ্গলবার টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৯ রান তোলে চেন্নাই। জবাবে ২০ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় দিল্লি।
 
দুটি করে উইকেট নেওয়া জহির খান ও আলবি মরকেলের দারুণ বোলিং সামলে চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেন ফাফ ডু প্লেসি। ২৩ বলে তিন চারে ২৯ রান করেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।
 
দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ধোনির ব্যাট থেকে। জহিরের বলে নাদিমকে ক্যাচ দেওয়ার আগে তিন চার ও এক ছক্কায় ২৭ রান করেন চেন্নাই অধিনায়ক।
 
জয়ের জন্য ১২০ রানের সহজ লক্ষ্যে নেমে ২৪ রানেই উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও জেপি ডুমিনিকে হারায় দিল্লি। তবে অপর উদ্বোধনী ব্যাটসম্যান শ্রেয়াস আয়ার যুবরাজ সিংকে সঙ্গে নিয়ে দিল্লিকে টেনে তোলেন।
 
সাজঘরে ফেরার আগে ২৮ বলে ৪টি চার ও এক ছক্কায় ৩২ রান তোলেন যুবরাজ। তাতে ৩ উইকেটে ৯৩ রান তুলে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় দিল্লি।
 
দিল্লির জয়ে সর্বোচ্চ অবদান রাখেন শ্রেয়াস। দলকে জেতাতে ৪৯ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন তিনি। ২০ বছর বয়সী এই উঠতি ক্রিকেটার নিজের ইনিংসটি সাজান ১০টি চার ও এক ছক্কায়।