জুনে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট
জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার এবং সম্ভাবনাময় তরুণদের নিয়ে হাই পারফরম্যান্স ইউনিট গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ছন্দ হারিয়ে বা চোটের কারণে জাতীয় দলের বাইরে চলে যাওয়া ক্রিকেটারদের যত্নের ব্যাপারে মনোযোগী হয়েছে বিসিবি। হাই পারফরম্যান্স ইউনিটের কোচদের সহায়তা নিয়ে ভুল-ত্রুটি ঠিক করে জাতীয় দলে ফেরার লড়াইটা ভালোভাবেই করতে পারবেন বাদ পড়া ক্রিকেটাররা।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ক্রীড়া উন্নয়ন কমিটির সভা শেষে মাহবুব আনাম জানান, আগামী মাস থেকে হাই পারফরম্যান্স ইউনিটের কাজ শুরু হবে।
বিসিবির সহ-সভাপতি ও হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান মাহবুব আনাম জানান, প্রয়োজনে বিদেশ থেকে খণ্ডকালীন কোচ আনবেন তারা। তাদের পরিকল্পনায় দেশি কোচরাই বেশি প্রাধান্য পেয়েছেন।
হাই পারফরম্যান্স ইউনিটের কোচিং ডিরেক্টর হিসেবে থাকবেন ইংল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার পল টেরি। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব হ্যাম্পশায়ারের সাবেক এই কোচের সঙ্গে একশ’ দিনের জন্য চুক্তি করেছে বিসিবি।
মাহবুব আনাম জানান, হাই পারফরম্যান্স ইউনিটে বাড়তি গুরুত্ব পাবেন পেসাররা।
“জাতীয় দল থেকে বাদ পড়া এবং জাতীয় দলে খেলার সম্ভাবনা রয়েছে এমন ক্রিকেটাররাই এই ইউনিটে সুযোগ পাবেন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং নিয়ে তারা লম্বা সময় ধরে অনুশীলন করবেন।”
বিসিবির সহ-সভাপতি জানান, হাই পারফরম্যান্স ইউনিটে ‘প্লেয়ার ম্যানেজমেন্ট সফটওয়্যার’ ব্যবহার করা হবে। ক্রিকেটার যাবতীয় তথ্য বিশেষ করে তাদের চোট ও অনুশীলন সব কিছুই নিয়ন্ত্রণ করা হবে এই সফটওয়্যারের মাধ্যমে।
