২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনে ‘আগ্রহী বাংলাদেশ’

ভারত-পাকিস্তান সিরিজ বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান ভারত সফরে গিয়ে এই প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলকাতা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 11:58 AM

Updated : 25 Apr 2022, 01:21 PM

রোববার কলকাতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে বৈঠক করেন শাহরিয়ার খান। দুই বোর্ড আগামী ডিসেম্বর-জানুয়ারি পাকিস্তানের বর্তমান হোম ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বলে তিনি জানান।

ডালমিয়ার সঙ্গে বৈঠকের পরে সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া শাহরিয়ার সাংবাদিকদের জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য ‘খুবই আগ্রহী’।

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের উদ্ধৃত করে পিসিবি প্রধান জানান, বিসিবি ভারত-পাকিস্তান ম্যাচগুলোর জন্য দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামের নিশ্চয়তা দিয়েছে।

“বাংলাদেশ খুবই আগ্রহী এবং আমরা অবশ্যই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তাদের ভেন্যুগুলো বিবেচনা করব। তারা (বিসিবি) আমাকে বলেছে, কেন আমরা আরব আমিরাতে যাচ্ছি যখন বাংলাদেশেই তা আয়োজন করা যায়।

“আমরা বাংলাদেশ ও অন্যান্য দেশগুলোকে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য বিবেচনা করছি; যতক্ষণ পর্যন্ত না আমরা সেগুলো ভারত ও পাকিস্তানে আয়োজন করতে পারব।”

ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক আবার গড়তে ডালমিয়াকেও আশাবাদী মনে হয়েছে। তবে তিনি বলেন, “এজন্য কিছু সমস্যা দূর করতে হবে।”

এর আগে বিসিবি গত অক্টোবরে পাকিস্তানের সিরিজগুলো বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দিয়েছিল।

২০০৯ সালের মার্চে সফররত শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে টেস্ট খেলুড়ে দেশগুলোর সফর বন্ধ রয়েছে। এরপর থেকে পাকিস্তানকে তাদের হোম সিরিজগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে হচ্ছে।