২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাককালামের ব্যাটে চেন্নাইয়ের জয়

ব্রেন্ডন ম্যাককালামের দাপুটে ব্যাটিংয়ের পর রবীন্দ্র জাদেজা ও মোহিত শর্মার বিধ্বংসী বোলিংয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ম্যাচে  (আইপিএল) রাজস্থান রয়েলসকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 12:23 AM

Updated : 22 Aug 2022, 12:15 PM

চিদাম্বরাম স্টেডিয়ামে রোববার আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থানের বিপক্ষে চেন্নাইয়ের জয়টি ১২ রানের।

চেন্নাইয়ের দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান তোলে রাজস্থান।

টসে জিতে আগে ব্যাটিংয়ের সুযোগ পেলেও বড় স্কোর গড়তে ব্যর্থ হয় চেন্নাই। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান তোলে তারা।

চেন্নাইয়ের ব্রেন্ডন ম্যাককালাম সর্বোচ্চ ৮১ রান করেন। ৬১ বলে ৭ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান নিউ জিল্যান্ডের এই মারকুটে ব্যাটসম্যান।

এছাড়া শেষ দিকে দুই অপরাজিত ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি ১৩ ও ডোয়াইন ব্রাভো ১৫ রান করলে মোটামুটি লড়াই করার মতো স্কোর পায় চেন্নাই।

রাজস্থানের ক্রিস মরিস ১৯ রানে ৩ উইকেট নেন। এছাড়া এক উইকেট পান অঙ্কিত শর্মা।

জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতে ৩৭ রান তোলে রাজস্থান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

ব্যাটসম্যানদের কেউ বড় স্কোর না পাওয়ায় শেষ পর্যন্ত জয়ের লক্ষে পৌঁছাতে ব্যর্থ হয় রাজস্থান। শেন ওয়াটসন সর্বোচ্চ ২৮ রান করেন।

চেন্নাইয়ের সফল বোলার জাদেজা ১১ রানে নেন ৪ উইকেট। আর ২৫ রানে ৩ উইকেট পান মোহিত শর্মা।