মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চলের ম্যাচও ড্র
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মধ্যাঞ্চল আর দক্ষিণাঞ্চলের ম্যাচটিও ড্র হয়েছে। একই দিনে ড্র হয়েছে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের ম্যাচটিও।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে রোববার দুই অধিনায়ক ড্র মেনে নেওয়ার আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৬৯ রান করে মধ্যাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করারই সুযোগ পায়নি দক্ষিণাঞ্চল।
দক্ষিণাঞ্চলের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক তিনটি উইকেট পান।
এর আগে ৮ উইকেটে ৫৩৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা দক্ষিণাঞ্চল আর তিন রান যোগ করে প্রথম ইনিংসে অলআউট হয়। প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৪১৩ রান করে মধ্যাঞ্চল।
শাহরিয়ার নাফীস, মোসাদ্দেক হোসেনের পর সোহাগ গাজীও শতকের ইনিংস উপহার দেন।
তবে ম্যাচ সেরার পুরস্কার জেতেন প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া মধ্যাঞ্চলের বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন।
