হেনরিক্সের ব্যাটে হায়দরাবাদের জয়
মোইজেস হেনরিক্সের আক্রমণাত্মক এক ইনিংসে ভর করে জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে শনিবারের দ্বিতীয় ম্যাচে ৬ রানে জিতেছে হায়দরাবাদ।
এই জয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে হায়দরাবাদের দলটি।
রায়পুরের শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬৩ রান করে হায়দরাবাদ।
হায়দরাবাদের লড়াই করার মতো স্কোর গড়তে মূল অবদানটা মোইজেস হেনরিক্সের, ৭৪ রান করে অপরাজিত থাকেন তিনি। অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান তার ৪৬ বলের ইনিংসে ১টি চার ও ৫টি ছক্কা মারেন।
২৫ রানে ২ উইকেট নিয়ে দিল্লির সফলতম বোলার নাথান কোল্টার-নাইল।
জবাবে কুইন্টন ডি কক ও কেদার যাদবের অর্ধশতকে জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত পারেনি দিল্লি।
উদ্বোধনী ব্যাটসম্যান ডি কক ৩১ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৫০ রান করেন। আর যাদব ৬৩ রানে অপরাজিত থাকেন। ৩৪ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।
হায়দরাবাদের কর্ন শর্মা ১২ রানে ২ উইকেট নেন।
