ইংল্যান্ডের ক্রিকেটের দায়িত্বে স্ট্রাউস
ইংল্যান্ডের ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে। শনিবার প্রধান কোচের পদ থেকে পিটার মুরসকে সরিয়ে দেওয়ার কথাও জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
গত মাসেই ইংল্যান্ডের ডিরেক্টর অব ক্রিকেটের পদ থেকে বাদ দেওয়া হয় পল ডাউনটনকে। এ পদের জন্য ইংল্যান্ডের আরেক সাবেক অধিনায়ক মাইকেল ভনের নাম শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত স্ট্রাউসকে বেছে নিয়েছে ইসিবি।
৩৮ বছর বয়সী স্ট্রাউস ইংল্যান্ডের হয়ে খেলা ১০০ টেস্টের মধ্যে ৫০ ম্যাচে দলকে নেতৃত্ব দেন। ২০১২ সালে ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার আগে খেলা ৪০.৯১ গড়ে ৭ হাজার ৩৭ রান করেন তিনি। দীর্ঘমেয়াদী ক্রিকেটে ২১টি শতক ও ২৭টি অর্ধশতক করেন স্ট্রাউস।
ক্যারিয়ারে খেলা ১২৭ ওয়ানডেতে ৪ হাজার ২০৫ রান করেন স্ট্রাউস। পঞ্চাশ ওভারের ক্রিকেটে ৬টি শতক ও ২৭টি অর্ধশতক করেন তিনি।
মুরস প্রধান কোচের পদ হারিয়েছেন ইংল্যান্ড দলের সাম্প্রতিক সময়ের বাজে পারফরম্যান্সের কারণে। গত বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও ইংল্যান্ডের টেস্ট সিরিজে ড্র করার কারণেও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
