রাসেল তাণ্ডবে কলকাতার রুদ্ধশ্বাস জয়
ব্যাটসম্যানদের সাফল্যে বড় স্কোর গড়লেও কলকাতা নাইট রাইডার্সকে জয়বঞ্চিত করতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। আন্দ্রে রাসেলের তাণ্ডবে ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে কলকাতা।
এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার শীর্ষে উঠে এসেছে কলকাতা।
কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৩ রান করে পাঞ্জাব। জবাবে ১ বল হাতে রেখে ৯ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও প্রয়োজনীয় রানের গতি ধরে রাখে কলকাতা। স্কোরবোর্ড সচল রাখতে সবচেয়ে বড় অবদান রাখেন ৫১ রানের আক্রমণাত্মক ইনিংস খেলা রাসেল। ২১ বলের ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা মারেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান।
