‘পাকিস্তানের ফিটনেস সবচেয়ে বাজে’
পাকিস্তানের খেলোয়াড়দের ফিটনেসের সমালোচনা করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান। শাহরিয়ার খান মনে করেন, এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে বাজে ফিটনেস তার দেশের ক্রিকেটারদের।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দেখতে বুধবার ঢাকায় আসেন শাহরিয়ার। ঢাকায় এসে পাকিস্তান দলের সঙ্গে প্রায় ১০ মিনিট কথা বলেন তিনি।
এরপর সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন শাহরিয়ার। সেই সময়ই পাকিস্তান দলের ফিটনেস নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
“জাতীয় দল গঠন করাই কঠিন। …আমাদের ফিটনেস আন্তর্জাতিক মানের নয়। এখন আমাদের জোরালো পদক্ষেপ নিতে হবে, কারণ আমাদের ফিটনেসের সংস্কৃতি নেই।”
বর্তমান পাকিস্তান দলকে দেখে শাহরিয়ারের মনে হয়েছে, দুই ‘বুড়ো’ মিসবাহ-উল হক ও ইউনুস খানই সবচেয়ে ‘ফিট’।
