২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানের ম্যাচে হারল রাজস্থান

দুই দলের ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে ঝড় তোলার ম্যাচে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়ালসকে ৭ রানে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 09:57 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

বৃহস্পতিবার হায়দরাবাদের তোলা ২০১ রানের জবাবে ৭ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলতে পারে রাজস্থান।

টসে হেরেও আগে ব্যাটিংয়ের সুযোগ কাজে লাগিয়ে রান পাহাড়ে ওঠে হায়দরাবাদ। ৪ উইকেট হারিয়ে রাজস্থানকে জয়ের জন্য ২০২ রানের কঠিন লক্ষ্য দিতে পারে তারা।

হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ম্যাচসেরা ওয়েন মর্গ্যান। ২৮ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬৩ রান করেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে শিখর ধাওয়ানের (৫৪) ব্যাট থেকে।

রাজস্থানের শেন ওয়াটসন ৩৬ রানে দুই উইকেট নেন তিনি।

বড় লক্ষ্যে ছুটতে গিয়ে শুরুতেই হোঁচট খায় রাজস্থান। ৪৫ রান তুলতে প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারায় তারা।

আইপিএলের প্রথম চ্যাম্পিয়নদের টেনে তোলেন স্মিথ। ৪০ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলেন তিনি।

শেষ দিকে সানজু স্যামসন ও ক্রিস মরিস ব্যাটিং তাণ্ডব চালালেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি রাজস্থান। সানজু ১০ বলে ২১ ও মরিস ১১ বলে অপরাজিত ৩৪ রান করেন।

হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার সর্বোচ্চ ৩টি উইকেট নেন।

আইপিএলের চলতি আসরে এটি রাজস্থানের চতুর্থ হার। তবে ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওয়াটসনের দল।

আর পঞ্চম জয় পাওয়া হায়দরাবাদ ১০ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।