দ্বিশতক পাওয়ার কথা ভাবেননি আজহার!
শুভাগত হোমের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেওয়ার আগে টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বিশতক তুলে নেন আজহার আলি। তবে পাকিস্তানের এই ব্যাটসম্যান জানিয়েছেন, দ্বিশতক পাওয়ার কথা ভেবে দ্বিতীয় দিনের খেলা শুরু করেননি তিনি।
আগের দিনের ১২৭ রান নিয়ে বৃহস্পতিবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করেন আজহার। সাজঘরে ফেরার আগে ৪২৮ বলে ২০টি চার ও ২টি ছক্কায় ২২৬ রানের ইনিংস উপহার দেন তিনি।
পাকিস্তান দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে নিজের দ্বিশতক নিয়ে আজহার বলেন, “আগের রাতে দলের সবাই এবং আমিও এটা নিয়ে ভেবেছিলাম কিন্তু যখন আপনি ১২৭ রানে থাকবেন, তখন আপনিও ভাবতে পারেন না, যে দ্বিশতক করতে যাচ্ছি।”
৫৫৭ রান তুলে পাকিস্তানের প্রথম ইনিংস ঘোষণা করায় সবচেয়ে বড় অবদান আজহারের। এই মিডলঅর্ডার ব্যাটসম্যান জানান, পরিস্থিতি অনুযায়ী শান্ত থেকে ব্যাটিং করার পরিকল্পনা নিয়েই মিরপুরের উইকেটে নেমেছিলেন তিনি এবং পরিকল্পনা সফল হওয়ায় শেষটাও ভালো হয়েছে।
প্রথম ইনিংসে পাকিস্তানের রান পাহাড়ে ওঠায় ইউনুস খান ও আসাদ শফিকও শতক করেন। এই দুই সতীর্থের প্রশংসা করতেও ভোলেননি আজহার।
“সবচেয়ে ভালো বিষয় হলো, একটা ব্যাটিং ‘ইউনিট’ হিসেবে আমরা খেলেছি। প্রথম ইনিংসে আমাদের লক্ষ্য ছিল বড় স্কোর গড়ার এবং সেটা আমরা পূরণ করেছি।”
ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও জয় পায় স্বাগতিকরা। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে খুলনায় তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ব্যাটিং দৃঢ়তায় ড্র করে বাংলাদেশ।
বাংলাদেশ সফরে এসে মিরপুর টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসের খেলাই উল্লেখ করার মতো। আজহার জানান, যে কোনো ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর শর্ত একটাই-ভালো খেলা এবং এ মুহূর্তে পাকিস্তান দল ভালো খেলছে।
