২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে নারাইনের 'শেষ সুযোগ'

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সব ধরণের বোলিং করার অনুমতি পেলেও সুনিল নারাইনকে শেষবারের মতো সতর্ক করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোলিং অ্যাকশনে আবার ত্রুটি ধরা পড়লে ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনারকে আইপিএলের এ মৌসুমে নিষিদ্ধ করা হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 05:44 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

গত মাসে আইপিএলে নারাইনের বোলিং করার অনুমতি দিলেও ওই কমিটি তার অফব্রেক ডেলিভারির ওপর নিষেধাজ্ঞা দেয়। আবার পরীক্ষা-নিরীক্ষার পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

তবে ডেলিভারির সময় দেখা যাচ্ছে, নারাইনের কনুই আগের মতো বেঁকে যাচ্ছে। বিসিসিআইয়ের দেওয়া বিবৃতিতে জানানো হয়, শেষ পর্যন্ত যদি কলকাতা নাইট রাইডার্সের এই স্পিনারের বোলিং অ্যাকশন আগের অবস্থানে ফিরে যায়, তাহলে আইপিএলের এ মৌসুমে নিষিদ্ধ হবেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে বিশাখাপত্তমে গত ২২ এপ্রিলে হায়দরাবাদ-কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে নারাইনের ‘অফব্রেক ডেলিভারি’ নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়ারা।

আইসিসি অনুমোদিত চেন্নাইয়ের রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যান নারাইন। পরীক্ষায় তার অফব্রেক ডেলিভারিতে ত্রুটি পাওয়া যায়।

গত বছর চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্ট আসরের সময় দুইবার তার বোলিং নিয়ে সন্দেহ করেন আম্পায়ারা। পরে চেন্নাইয়ের রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পার পান তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে আইপিএলে বোলিং করার অনুমতি দেয়।