উথাপ্পা-রাসেল ঝড়ে কলকাতার জয়
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এক বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে গৌতম গম্ভীরের দল।
ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার টসে হেরেও আগে ব্যাটিং পায় চেন্নাই। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান তোলে তারা। ১৯.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় কলকাতা (১৬৯)।
কলকাতার জয়ে দারুণ ভূমিকা রাখেন রবিন উথাপ্পা ও আন্দ্রে রাসেল। ৫৮ বলে ৮০ রানের অপরাজিত এক ইনিংস উপহার দেন উথাপ্পা। ৭টি চার ও একটি ছক্কায় ইনিংসটি সাজান উদ্বোধনী এই ব্যাটসম্যান।
শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন রাসেল। ৩২ বলে ৫৫ রানের নজরকাড়া ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। ৪টি করে চার ও ছক্কা মেরে কলকাতাকে জয় এনে দিয়ে অপরাজিত থাকেন তিনি।
চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। সর্বোচ্চ ৩২ রান আসে ব্রেন্ডন ম্যাককালামের ব্যাট থেকে। কলকাতার ব্র্যাড হগ ২৯ রানে ৪ উইকেট নেন।
আইপিএলের চলতি আসরে এটি কলকাতার চতুর্থ জয়। আর চেন্নাইয়ের দ্বিতীয় হার।
