বোলারদের পারফরম্যান্সে হতাশ অধিনায়ক
খুলনা টেস্টে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্সে হতাশ মুশফিকুর রহিম। প্রচুর বাজে বল দেওয়ায় তাদের সমালোচনা করেছেন স্বাগতিক দলের অধিনায়ক।
বৃহস্পতিবার খুলনা টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৫৩৭ রান। স্বাগতিকদের চেয়ে ২০৫ রানে এগিয়ে রয়েছে তারা।
ডান হাতের অনামিকায় চোট পাওয়ায় বৃহস্পতিবার মাঠে নামতে পারেননি মুশফিক। দিনের খেলা শেষে সাংবাদিকদের বোলিং নিয়ে নিজের হতাশার কথা জানান অধিনায়ক।
“আমাদের বোলিং বিভাগ নিয়ে আমি একটু হতাশ। কারণ, যদি টেস্ট জিততে চান আপনাকে ২০ উইকেট নিতে হবে। আপনি এক হাজার রান করে হয়তো ম্যাচ ড্র করতে পারবেন, কিন্তু জিততে পারবেন না। আমাদের বোলিং বিভাগের অন্তত আরো উন্নতি করা দরকার।”
ফিল্ডিং অনুযায়ী বল করতে না পারায় বোলারদের দুষেছেন মুশফিক।
“ওভারে একটা বা দুইটা বাজে বল পেলে কেউ ভালো বলে ঝুঁকি নিয়ে খেলার চেষ্টা করবে না।”
দ্বিশতক পাওয়া হাফিজের ব্যাটিংয়ের প্রশংসা করেন মুশফিক। তবে তাকে অনেক বাজে বল দেয়ায় বোলারদের সমালোচনাও করেন তিনি।
“আমাদের বোলিং নিজেদের মান অনুযায়ী ছিল না। হাফিজ যে খুব ভালো বলে চার মেরেছে তা তো না। অথচ আমাদের ক্ষেত্রে হয় উল্টো। ওরা (পাকিস্তানের বোলাররা) বাজে বল খুব কম করে। আমাদের স্টাম্পের বল বা ভালো বল সুইপ করে চার মারতে হয়।”
বুধবার প্রায় দুই সেশন বল করে পাকিস্তানের মাত্র একটি উইকেট নেয় বোলাররা। পরের দিন তিন সেশন বল করে তারা নেন চার উইকেট।
“আমাদের (বোলারদের) কাজ সুযোগ তৈরি করা, সুযোগগুলো কাজে লাগাতে না পারা আমাদের (ফিল্ডারদের) ব্যর্থতা। আজকে বোলারদের (পারফরম্যান্স) ছিল হতাশাজনক।”
