২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন বড় স্কোরের লক্ষ্য পাকিস্তানের

খুলনা টেস্টের দ্বিতীয় দিনে শিষ্যদের খেলায় দারুণ খুশি মুশতাক আহমেদ। পাকিস্তানের এই বোলিং কোচ এখন প্রথম ইনিংসে বড় স্কোরের আশা করছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 09:21 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

শেখ আবু নাসের স্টেডিয়ামে বুধবার সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১ উইকেটে ২২৭ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে পাকিস্তান। উইকেটে অপরাজিত আছেন মোহাম্মদ হাফিজ (১৩৭) ও আজহার আলি (৬৫)।

দিন শেষের প্রতিক্রিয়ায় মুশতাক প্রথম ইনিংসে বড় স্কোরের প্রত্যাশা জানিয়ে বলেন, “আশা করি, আগামীকাল হাফিজ মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ব্যাটিং করবে এবং সে যদি এটা করতে পারে, তাহলে আমাদের ওভারপ্রতি রান তিনের বেশি হবে এবং আমাদের স্কোরও দ্রুত বাড়বে।”

প্রথম ইনিংসে পাকিস্তানের ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ তিনটি করে উইকেট নেন। মুশতাক অবশ্য আলাদাভাবে ইয়াসিরের প্রশংসা করেন।

“শেষ দিন (দ্বিতীয় দিন) ইয়াসির যেভাবে বোলিং করেছে, আমি মনে করি, সে আরও উইকেট পাওয়ার যোগ্য ছিল।”

২৩৬/৪ স্কোর নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩৩২ রানে। পাকিস্তানের চেয়ে এখনো ১০৫ রানে এগিয়ে আছে মুশফিকের দল।

তবে মাত্র ১ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২২৭ রান তোলায় মুশতাকের তৃপ্তি স্বাগতিকদের চেয়ে বেশি। শিষ্যদের বোলিং, ফিল্ডিং ও ব্যাটিংয়ের প্রশংসা করতে ভোলেননি পাকিস্তানের এই সাবেক স্পিনার।

প্রথম ইনিংসে পাকিস্তানকে দুইশ’ পেরিয়ে দেওয়ার পথে শতক (১৩৭) করে অপরাজিত থাকা মোহাম্মদ হাফিজসহ দলের সবার দারুণ প্রশংসা করেন মুশতাক।