২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে এত দ্রুত আউট করার কথা ভাবেননি মুশতাকও

বাংলাদেশের প্রথম ইনিংস যে এত দ্রুত গুটিয়ে যাবে, তা ভাবেনি পাকিস্তানও। দলটির বোলিং কোচ মুশতাক আহমেদ জানান, বোলিং ও ফিল্ডিংয়ে ভালো করায় মুশফিকদের দ্রুত আটকে দিতে পেরেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 08:21 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বুধবার আগের দিনের ২৩৬/৪ স্কোর নিয়ে খেলতে নামা বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৩৩২ রানে। মিডল অর্ডার আর লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম ইনিংসে বাংলাদেশের বড় সংগ্রহের আশা পূরণ হয়নি।
 
দ্বিতীয় দিন শেষে পাকিস্তান দলের প্রতিনিধি হয়ে আসা মুশতাক সাংবাদিকদের বলেন, “আমরাও ভাবিনি যে, তাদের এত দ্রুত আউট করে দিতে পারব। কিন্তু আমাদের বোলার ও ফিল্ডাররা খুব ভালো করায় এটা সম্ভব হয়েছে।”
 
দ্বিতীয় দিনে মাত্র ৯৬ রান তুলতে ছয় উইকেট হারায় বাংলাদেশ। সৌম্য সরকার, অধিনায়ক মুশফিকুর রহিম লম্বা ইনিংস খেলতে না পারায় বড় স্কোর গড়তে পারেনি স্বাগতিকরা। প্রথম দিনে মুমিনুল হকের ৮০ রানের ইনিংসটিই বাংলাদেশের প্রথম ইনিংসের সর্বোচ্চ।
 
প্রথম দিনে একাধিক ক্যাচ মিসের আক্ষেপের কথা শুনিয়েছিলেন পাকিস্তানের আজহার আলি। অথচ, বুধবার সাড়ে তিনশ’র নিচে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে যাওয়ায় সবকিছু নিজেদের পরিকল্পনামাফিক চলছে বলে দাবি করেন মুশতাক।
 
“তাদেরকে (বাংলাদেশ) তিনশ’র নিচে বা ৩২৫ রানের নিচে আটকে রাখার পরিকল্পনা করেছিলাম এবং আমি মনে করি, ছেলেরা আসলেই ভালো বোলিং করেছে।”
 
দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনে বাংলাদেশের উইকেট পেতে ঘাম ছুটে গেছে পাকিস্তানের। দ্বিতীয় দিনে বোলারদের ঠিকঠাক কাজে লাগিয়ে দ্রুত উইকেট তোলায় অধিনায়ক মিসবাহ-উল হকেরও প্রশংসা করেন মুশতাক।
 
“অবশ্যই আমি মিসবাহকে প্রশংসা করব। সে খুব ভালোভাবে স্পিনারদের কাজে লাগিয়েছে।”