চোট পেয়ে মাঠের বাইরে মুশফিক
আঙুলের চোট নিয়ে মাঠের বাইরে চলে গেছেন বাংলাদেশের অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। তার বদলে গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস।
বুধবার খুলনায় প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের প্রথম ইনিংসের ৩৫তম ওভারে আঙুলে চোট পান মুশফিক।
অভিষিক্ত মোহাম্মদ শহীদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ২৮ রানে থাকা আজহার আলি। ক্যাচটি নিতে পারেননি মুশফিক। উল্টো ডান হাতের আঙুলে চোট পান তিনি।
এরপর শহীদের পুরো ওভারে উইকেটের পেছনে থাকেন মুশফিক। শুভাগত হোমের করা পরের ওভারেও কিপিং করেন তিনি। তবে পানি পানের বিরতির সময় মাঠ ছাড়েন মুশফিক।
মাঠে অধিনায়কের দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল।
