২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোহাগের শতকে দক্ষিণাঞ্চল এগিয়ে

অসাধারণ এক শতক করে বাংলাদেশ ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় দিন শেষে উত্তরাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলকে এগিয়ে দিয়েছেন সোহাগ গাজী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 06:45 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

আট নম্বরে ব্যাট করতে নামা সোহাগের ১০৮ রানের কল্যাণে প্রথম ইনিংসে ৩৫২ রান করে দক্ষিণাঞ্চল।

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ৮ উইকেটে ২৫৫ রান নিয়ে ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল। আগের দিনের ২৪ রান নিয়ে ব্যাট করতে নেমে ১১৩ বলে ১০৮ করেন সোহাগ। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের চতুর্থ শতক করা সোহাগ তার ইনিংসটি সাজান ১১টি চার ও পাঁচটি ছয়ে।

নবম উইকেট জুটিতে আল-আমিন হোসেনের সঙ্গে ১০৫ রান তোলেন সোহাগ। এই জুটিতে আল-আমিনের অবদান মাত্র ১৩ রান। দলকে ৩৫২ রানে রেখে নবম ব্যাটসম্যান হিসেবে সোহাগ আউট হওয়ার পর আর কোনো রান পায়নি দক্ষিণাঞ্চল।

উত্তরাঞ্চলের আরিফুল হক ৭৫ রান দিয়ে ৬ উইকেট নেন। সাকলাইন সজীব নেন দুটি উইকেট। আর একটি করে উইকেট পান তাইজুল ইসলাম ও ফরহাদ হোসেন।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৫ রান তোলার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় উত্তরাঞ্চল। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৬১ রান তুলে দিনের খেলা শেষ করে তারা।

উত্তরাঞ্চলের আশা হয়ে অবশ্য উইকেটে আছেন নাঈম ইসলাম। ১৪১ বলে ৪২ রান করে অপরাজিত তিনি। নাঈমের সঙ্গী আরিফুলের রান ১৯। ষষ্ঠ উইকেট জুটিতে অবিচ্ছিন ৫৬ রান তুলেছেন এই দুজন।

৪০ রান দিয়ে ২ উইকেট নেন দক্ষিণাঞ্চলের আবাদুর রাজ্জাক। সোহাগ ও আল-আমিন নেন একটি করে উইকেট।

পুরনো খবর:

আটে নেমে সোহাগের শতক