২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মিথের কাছে মুম্বাইয়ের হার

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথম জয় এনে দিতে দারুণ একটা চেষ্টা করেছিলেন কাইরন পোলার্ড ও কোরি অ্যান্ডারসন। কিন্তু শেষরক্ষা হয়নি; স্টিভেন স্মিথের দৃঢ়তভরা ব্যাটিংয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রাজস্থান র‌য়্যালস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2015, 12:23 AM

Updated : 22 Aug 2022, 12:05 PM

মঙ্গলবার মুম্বাইকে ৭ উইকেটে হারায় রাজস্থান।

আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৪ রান করে মুম্বাই।

৪৫ রানের প্রথম তিন উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। ১০ রান করে অ্যারন ফিঞ্চ আহত হয়ে মাঠ ছাড়লে বিপদ আরো বাড়ে তাদের।

সেখান থেকে মুম্বাই দেড়শ’ পার হয় পোলার্ড ও অ্যান্ডারসনের দৃঢ়তায়। ৯.১ ওভারে ১০৪ রানের জুটি গড়েন এই দুই জনে। মাত্র ৩৪ বলে ৫টি ছক্কা ও ৭টি চারের সাহায্যে ৭০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন পোলার্ড।

অর্ধশতক করেন শেষ ওভারে আউট হওয়া অ্যান্ডারসন (৫০)। তার ৩৮ বলের ইনিংসটি ৫টি চার ও ৩টি ছক্কায় সাজানো।

জবাবে ৫ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।

অজিঙ্কা রাহানের ৪৬ রানের পরও এক সময় চাপে পড়েছিল রাজস্থান। তবে সেখান থেকে দলকে জয় এনে দেন স্মিথ। শুরু থেকে দেখেশুনে খেলা এই ডানহাতি ব্যাটসম্যান শেষ দিকে আক্রণাত্মক হয়ে উঠলে শেষ পর্যন্ত টানা তৃতীয় হার এড়াতে পারেনি মুম্বাই।

আইপিএলে প্রথম অর্ধশতক পাওয়া স্মিথ অপরাজিত থাকেন ৭৯ রানে। তার ৫৩ বলের অধিনায়কোচিত ইনিংসটি ৮টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ।