২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন সোহেল

চোটের কারণে শেষ মুহূর্তে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন পেসার সোহেল খান। তার জায়গায় পাকিস্তানের ওয়ানডে দলে ফিরেছেন জুনায়েদ খান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 05:27 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির প্রধান নির্বাচক হারুন রশিদ জানান, শুক্রবার বোলিংয়ের সময় পিঠে চোট পান সোহেল। তবে এই পেসারের চোট কতটা মারাত্মক, তা জানাতে পারেননি তিনি।

সোহেলকে নিয়ে অনিশ্চয়তা থাকায় জুনায়েদকে ওয়ানডে দলে নেওয়ার কথা জানিয়ে হারুন বলেন, “(চিকিৎসক) সোহেলকে দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছেন।”

বাংলাদেশ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭ এপ্রিলের ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।

গত বছর অগাস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলা জুনায়েদ বাংলাদেশ সফরের পাকিস্তানের টেস্ট ও টি-টোয়েন্টি দলে আগে থেকেই ছিলেন।

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে আলো ছড়ান ডানহাতি পেসার সোহেল। প্রতিযোগিতায় ১২ উইকেট নেন ৩১ বছর বয়সী এই সোহেল। মাশরাফি-তামিমদের বিপক্ষের সিরিজে তাই সোহেলের ওপর আস্থা রেখেছিল পাকিস্তানের নির্বাচকরা। 

অন্যদিকে হাটুঁ আর ঊরুর চোটের কারণে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে খেলার সুযোগ পাননি জুনায়েদ। চোট সেরে ওঠায় সোহেলের জায়গায় ফিরছেন তিনি।

আগামী সোমবার বাংলাদেশে এসে পৌঁছবে আজহার আলীর নেতৃত্বাধীন পাকিস্তান দল।