২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থেমে গেল ‘ক্রিকেটের কণ্ঠস্বর’

মারা গেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি রিচি বেনো। সাবেক এই লেগস্পিনার ধারাভাষ্যকার হিসেবে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। ‘ক্রিকেটের কণ্ঠস্বর’ হিসেবে পরিচিত বেনোর বয়স হয়েছিল ৮৪ বছর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 08:26 AM

Updated : 25 Apr 2022, 01:14 PM

অস্ট্রেলিয়ার হয়ে ৬৩টি টেস্ট খেলেন বেনো, এর মধ্যে ২৮টি ম্যাচে দলকে নেতৃত্ব দেন তিনি। 
 
১৯৬৪ সালে অবসর নেওয়ার পর সাংবাদিকতা ও ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত হন বেনো। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের সঙ্গে ২০১৩ সাল পর্যন্ত যুক্ত ছিলেন তিনি।
 
গত নভেম্বরে বেনো জানান, ত্বকের ক্যানসারের জন্য চিকিৎসা নিচ্ছেন তিনি।
 
২৫৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৯৪৫ উইকেট নেন বেনো। ২৩টি শতকসহ ৩৬.৫০ গড়ে ১১ হাজার ৭১৯ রানও করেন তিনি।
 
অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে কোনো টেস্ট সিরিজ হারেননি বেনো। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া পাঁচটি সিরিজ জেতে আর দুটি ড্র করে। প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে দুইশ’ উইকেট নেওয়া ও দুই হাজার রান করার কৃতিত্ব তারই।
 
টেস্ট ক্যারিয়ারে তিনটি শতকসহ ২ হাজার ২০১ রান করেন বেনো। সঙ্গে ২৭.০৩ গড়ে ২৪৮টি উইকেট নেন তিনি।
 
দারুণ একটি ক্রিকেট ক্যারিয়ার শেষে বেনো আরও বেশি পরিচিত পান লেখক, কলাম লেখক ও ধারাভাষ্যকার হিসেবে।
 
১৯৫৬ সালে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজের পর খেলোয়াড় থাকা অবস্থাতেই তিনি বিবিসির একটি কোর্স করেন। এই প্রতিষ্ঠানের সঙ্গে তিনি চার দশক ধরে জড়িত ছিলেন।
 
১৯৬০ সালে বিবিসি রেডিওর হয়ে প্রথম ধারাভাষ্য দেন বেনো। তিন বছর পর আসেন টেলিভিশনে। ১৯৭৭ সাল থেকে তিনি ছিলেন অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের প্রধান ভাষ্যকার। ২০১৩ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন তিনি। 
 
৮৩ বছর বয়সে সিডনিতে গাড়ি দুর্ঘটনায় পড়ায় ধারাভাষ্য আর দিতে পারেননি বেনো। তবে ফেরার কথা প্রায়ই তিনি বলতেন। তার এই ইচ্ছা আর পূরণ হলো না।