২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে মহিলা ক্লাব ক্রিকেট

শুক্রবার শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগ ২০১৪-১৫। এবারের আসরে মোহামেডান ও আবাহনীসহ অংশ নিচ্ছে ১২টি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 08:05 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

এবারই প্রথম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হচ্ছে। মহিলা ক্লাব ক্রিকেটের আগের ছয়টি আসর ছিল প্রথম বিভাগ ক্রিকেট লিগ।

প্রতিটি ম্যাচ সকাল সাড়ে নয়টায় শুরু হবে। ৪০ ওভারের ম্যাচে খেলা হবে সাদা বলে।

এবারের আসরে ম্যাচগুলো হবে বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ এবং ধানমণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে।

‘এ’ গ্রুপে প্রতিযোগিতার সফলতম দল মোহামেডানের সঙ্গে রয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, জহুরুল ইসলাম সিটি ক্রিকেট ক্লাব, ইন্দিরা রোড ক্রীড়া চক্র, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব এবং আনসার ও ভিডিপি।

‘বি’ গ্রুপে আবাহনীর পাঁচ সঙ্গী হল এভি স্পোর্টিং ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ, গুলশান ইয়ুথ ক্লাব, বিকেএসপি ও রায়ের বাজার অ্যাথলেটিক।

উদ্বোধনী দিনে ধানমণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলবে শিরোপাধারী মোহামেডান। প্রতিযোগিতার ছয় আসরের পাঁচবারই শিরোপা জেতে দলটি।

বিকেএসপির চার নম্বর মাঠে দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে আনসার ও ভিডিপি এবং রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ।

মোহামেডানের টানা পঞ্চম শিরোপা জয়ের পথে মূল বাধা আবাহনী মাঠে নামবে শনিবার। ধানমণ্ডিতে রায়েরবাজার অ্যাথলেটিকের মুখোমুখি হবে তারা।